Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর মাসের প্রথম চারটি শনি-রবি শহরের ৩ মেট্রো রুটে পরিষেবা বৃদ্ধি

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দু’সপ্তাহ পর বাঙালির শ্রেষ্ট উৎসবের ঢাকে কাঠি পড়বে

পুজোর মাসের প্রথম চারটি শনি-রবি শহরের ৩ মেট্রো রুটে পরিষেবা বৃদ্ধি
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দু’সপ্তাহ পর বাঙালির শ্রেষ্ট উৎসবের ঢাকে কাঠি পড়বে। আজ বৃহস্পতিবার মাস পয়লা থেকে পুজোর বাজারে বাড়তি জোয়ার আসবে বলে আশা ব্যবসায়ীদের। সপ্তাহান্তে অর্থাৎ শনি-রবিবার যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো জানিয়েছে, ৩, ৪, ১০ ও ১১ অক্টোবর অর্থাৎ পরবর্তী জোড়া সপ্তাহের শনি-রবি বাড়তি মেট্রো চলবে। এই বিশেষ সুবিধা মিলবে কলকাতার তিনটি মেট্রো রুটে। যেগুলি হল, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (ব্লু লাইন), সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (গ্রিন লাইন) ও নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর (ইয়েলো লাইন)। যার মধ্যে ৩ ও ১০ অক্টোবর শনিবার ব্লু লাইনে সারাদিনে অতিরিক্ত ২০টি মেট্রো পরিষেবা চলবে। গোটা দিনে দেশের প্রথম এই মেট্রো রুটে ২৫২টির বদলে ২৭২টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।

Advertisement

গ্রিন লাইনে এই দু’দিন মেট্রো পরিষেবার সংখ্যা ২১২ থেকে বৃদ্ধি পেয়ে ২৩৬টি করা হবে। একইভাবে বিমানবন্দর সংযোগকারী শহরের একমাত্র মেট্রো করিডরে আগামী দু’টি শনিবার সারাদিনে ১২০টি মেট্রো পরিষেবা চলবে। প্রসঙ্গত সপ্তাহের অন্যান্য শনিবার গোটা দিনে নোয়াপাড়া-বিমান বন্দর রুটে ৯২টি পরিষেবা চলে। এদিকে পরবর্তী দু’টি রবিবার অর্থাৎ ৪ ও ১১ অক্টোবর শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা ১৫২ থেকে একলাফে বেড়ে হবে ১৮৮। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে সাপ্তাহিক ছুটির দিনে পরিষেবার সংখ্যা বেড়ে হবে ১২৫টি। যেখানে সপ্তাহের অন্যান্য রবিবার সারাদিনে ১১১ মেট্রো পরিষেবা চলে। তবে পরবর্তী দু’টি রবিবার এয়ারপোর্ট রুটে গোটা দিনে ৭৮টি মেট্রো পরিষেবা ছুটবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরের মধ্যে সরাসরি ২টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট রুটগুলিতে দিনের প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে আগামী কাল, শুক্রবার মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে জাতীয় ছুটি পালন করবে গোটা দেশ। স্বভাবতই অফিস-কাছারি-স্কুল-কলেজ বন্ধ থাকবে। সেই সূত্রে শহরের মেট্রো রুটগুলিতে পরিষেবার সংখ্যা কমবে। ব্লু লাইনে ২৭২টি বদলে আগামী কাল ২১৬টি মেট্রো পরিষেবা চলবে। অর্থাৎ এক ধাক্কায় কাল শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ৫৬টি পরিষেবা কমবে। গ্রিন লাইনে কাল দু’ডজন মেট্রো পরিষেবা হ্রাস পাবে। ইস্ট-ওয়েস্ট করিডরে গান্ধী জয়ন্তীতে মেট্রো পরিষেবা ২৩৬টি থেকে কমে হবে ২১২। নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর রুটে সারাদিনে কাল ১১০টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। তিনটি করিডরে দিনের প্রথম ও শেষ মেট্রো পরিষেবায় কোনও বদল হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ