নয়াদিল্লি: রনজি অভিযানের শুরুটা দাপটে করেছে বাংলা। কল্যাণীতে দিল্লিকে হারিয়ে ঘরে তুলেছে ৬ পয়েন্ট। রবিবার পালাম গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচে নামছে অভিমন্যু ঈশ্বরণ ব্রিগেড। উলটোদিকে সার্ভিসেস, যারা মহারাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে হেরেছে ১২৭ রানে। বাংলার লক্ষ্য যথারীতি এই ম্যাচেও সরাসরি জয়। সেজন্য মহম্মদ সামির দিকেই প্রধানত তাকিয়ে বঙ্গ শিবির। দিল্লির বিরুদ্ধে পাঁচ উইকেট নেন সামি। বাংলার দুই স্পিনার আমির গোনি, প্রদীপ্ত প্রামাণিকও রয়েছেন উইকেটের মধ্যে। ব্যাটিংয়ে ভরসা দিচ্ছেন সুদীপ ঘরামি ও অভিষেক পোড়েল। দু’জনেই শতরান করেছেন কল্যাণীতে। তবে মুকেশ কুমারকে পাচ্ছে না বাংলা। ভারত ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডে উড়ে গিয়েছেন তিনি। রনজির অন্য ম্যাচে আকর্ষণের কেন্দ্রে শুভমান গিল। পাঞ্জাবের হয়ে মুল্লানপুরে ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলবেন তিনি। বিলাসপুরে হিমাচলের বিরুদ্ধে মুম্বই অবশ্য পাচ্ছে না যশস্বী জয়সওয়ালকে। মুকেশের মতো ভারতের ‘এ’ দলের সদস্য বাঁ-হাতি ওপেনারও।



