নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোমবার থেকে কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাত্ শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে সকাল ৬টা ৫০ মিনিটের বদলে সকাল ৬টা থেকে পরিষেবা শুরু হবে। সোম থেকে শনি এই নয়া সময়সূচীতেই মেট্রো চলবে। শেষ মেট্রোও দুই প্রন্তিক স্টেশন থেকে ৯টা ৪৪ মিনিটের বদলে সাড়ে দশটায় ছাড়বে। একইভাবে গ্রিন লাইনেও (ইস্ট-ওয়েস্ট মেট্রো) পরিষেবার সময় পরিবর্তন হচ্ছে। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৩৯ মিনিটের বদলে সকাল ছ’টা থেকে চালু হবে। রাতের শেষ মেট্রো ছিল ১০টা ৫ মিনিটে। সেটিও পিছিয়ে সাড়ে দশটা করা হয়েছে। রবিবারের সময় অপরিবর্তিত রাখা হবে। সোম থেকে শুক্রবার ব্লু লাইনে এতদিন মোট ২৬০টি পরিষেবা চালু ছিল। এবার থেকে তা বেড়ে ২৭২টি করা হচ্ছে। শনিবার ছিল ২৪৬টি। সেটা বাড়িয়ে করা হবে ২৫৮টি। রবিবারের পরিষেবা ১৫২ থেকে বেড়ে হচ্ছে ১৫৮টি। গ্রিন লাইনের পরিষেবা সোম থেকে শুক্রবার ২২৮ টা থেকে বেড়ে হবে ২৩৬টা। শনিবার ২০৪ টা থেকে বেড়ে হবে ২১২। রবিবার ১০৮ টি থেকে বেড়ে হবে ১১১টি। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা ছিল। এবার তা পরীক্ষামূলক ভাবে চলবে।



