সংবাদদাতা, উলুবেড়িয়া: নামী কোম্পানির নামে লটারির ভুয়ো টিকিট ছাপিয়ে বিক্রির অভিযোগে দুই টিকিট বিক্রেতা সহ তিনজনকে গ্রেপ্তার করল শ্যামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল লাল্টু অধিকারী, অরূপ মণ্ডল ও বিশ্বজিৎ পাড়ুই। বাড়ি শ্যামপুর থানার নাকোল অঞ্চলে। ধৃতদের শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন লটারি টিকিট বিক্রেতা এবং একজন দোকান কর্মচারী। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই লটারির টিকিট বিক্রেতারা একটি নামী সংস্থার নাম করে টিকিট ছাপিয়ে বিক্রি করছিল। ফলে ওই এলাকায় থাকা লটারির টিকিটের ডিলারদের বিক্রিতে ভাটা পড়ছিল। ডিলাররা এ নিয়ে খোঁজ করতে গেলে ভুয়ো টিকিটের বিষয়টি সামনে আসে। দেখা যায়, দুই টিকিট বিক্রেতারা যে সব লটারির টিকিট বিক্রি করছিল, তার মধ্যে ওই নামী কোম্পানির একাধিক ভুয়ো টিকিট রয়েছে। এরপরেই শ্যামপুর থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের দাবি, বিভিন্ন এজেন্সির কাছ থেকে লটারির টিকিট এনে তারা বিক্রি করে। সুতরাং তাদের পক্ষে জানা সম্ভব নয়, কোনটা আসল কোনটা নকল।