Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে সেলফির হিড়িক, নাগাল্যান্ডের ২ তরুণীর শ্লীলতাহানির অভিযোগ

ইএম বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলের নাইট ক্লাবের পর এবার ওই হোটেলেরই লবিতে ফের শ্লীলতাহানির অভিযোগ

ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে সেলফির হিড়িক, নাগাল্যান্ডের ২ তরুণীর শ্লীলতাহানির অভিযোগ
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইএম বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলের নাইট ক্লাবের পর এবার ওই হোটেলেরই লবিতে ফের শ্লীলতাহানির অভিযোগ। নাগাল্যান্ডের দুই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। অভিযোগ, ব্রাজিল দলের সদস্যরা হোটেল ছাড়ার সময় ওই পাঁচতারা হোটেলের অতিথিরা তাঁদের সঙ্গে সেলফি তুলছিলেন। নাগাল্যান্ডের ওই দুই তরুণীও ছবি তুলতে হাজির হয়েছিলেন সেখানে। অভিযোগ, সেই সময় তাঁদের অশালীনভাবে স্পর্শ করেন ওই প্রৌঢ়। লালবাজার জানিয়েছে, ধৃতের নাম পলাশ রায় (৫৬)। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। 

Advertisement

শনিবার রাত ১২টার পর ব্রাজিল টিমের কয়েকজন সদস্য বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। আর আগে পাঁচতারা হোটেলের বহু অতিথি তাঁদের সঙ্গে সেলফি ও ছবি তুলতে চান। তার জেরে হোটেলের লবিতে ভিড় জমে যায়। অভিযোগ, সেই ভিড়ের মধ্যেই পলাশ দুই তরুণীকে অশালীনভাবে স্পর্শ করেন। একবার নয়, একাধিকবার স্পর্শ করা হয়। দু’জনেরই অভিযোগ, ওই ব্যক্তি শ্লীলতাহানির উদ্দেশ্যেই অশালীনভাবে স্পর্শ করেছেন। 
সূত্রের খবর, অভিযোগকারী তরুণী এরাজ্যের এক প্রভাবশালীর আত্মীয়। ঘটনার পরই প্রগতি ময়দান থানায় উচ্চ মহল থেকে ফোন যায়। এরপর ওই পাঁচতারা হোটেলে যায় পুলিশ। হোটেলের লবির সিসি ক্যামেরার যাবতীয় ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করেন তদন্তকারীরা। হোটেল কর্তৃপক্ষকেও সেই ফুটেজ দেখানো হয়। এরপর সেই ফুটেজের ছবির সঙ্গে হোটেলে জমা দেওয়া অভিযুক্তের আধার কার্ডের ছবি মিলিয়ে দেখেন তদন্তকারীরা।
হোটেল কর্তৃপক্ষ অভিযুক্তের রুম নম্বর জানিয়ে দেয় তদন্তকারীদের। এরপর সংশ্লিষ্ট রুম থেকে গ্রেপ্তার করা হয় পলাশ রায়কে। অভিযুক্তকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। রবিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হলে জামিনের আরজি মঞ্জুর করেন বিচারক। আদালত সূত্রে খবর, ওইদিন রাতে অভিযোগকারী তরুণীরাও মদ্যপ অবস্থায় ছিলেন। তার জেরেই অভিযোগ ধোপে টেকেনি আদালতে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট বাইপাসের ধারে এই পাঁচতারা হোটেলের নাইট ক্লাব এক তরুণীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনায় তিলজলার এক যুবককে গ্রেপ্তার করেছিল প্রগতি ময়দান থানার পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ