নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্রীদের আত্মরক্ষায় স্বয়ংসম্পূর্ণ করতে রাজ্যের স্কুলগুলিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে শিক্ষাদপ্তর। রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণের জন্য স্কুলগুলিকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা আত্মরক্ষার বিভিন্ন প্রশিক্ষণ পাবে। বিপদের সময় মাথা ঠান্ডা রাখা, শরীর নমনীয় করা এবং মনকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শারীরিক কসরৎ এবং কারাটে বা জুডোর মতো প্রশিক্ষণও থাকতে পারে। এর জন্য ১৫ হাজার ২১১টি গার্লস এবং কো-এড স্কুলকে মোট ৭ কোটি ৬০ লক্ষ ৫৫ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, প্রতি শনিবারের শেষ পিরিয়ডের ৪০ থেকে ৬০ মিনিট এই প্রশিক্ষণ দেওয়ার জন্য বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে মিশন। এক্ষেত্রে প্রশিক্ষণদাতাদের বাছাইয়ের জন্য পুলিশ-প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে এক আধিকারিক বলেন, শুধু শারীরিক কসরতের প্রশিক্ষণই নয়, জেন্ডার ইস্যু নিয়েও আলোচনা করা হবে। ছাত্রীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি ছাত্রদেরও কী করণীয় এবং কী করণীয় নয়, তা বিশদে বুঝিয়ে বলা হবে।



