Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শাসনে নিরাপত্তা জোরদার, এলাকায় ডগ স্কোয়াড, সোনারপুরে ঘুরলেন জেলাশাসক

নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট করাতে তৎপর প্রশাসন। চলছে পুলিশি টলহ। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ভোট এলেই উত্তপ্ত হয়ে উঠত উত্তর ২৪ পরগনার শাসন।

শাসনে নিরাপত্তা জোরদার, এলাকায় ডগ  স্কোয়াড, সোনারপুরে ঘুরলেন জেলাশাসক
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও বারাসত: নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট করাতে তৎপর প্রশাসন। চলছে পুলিশি টলহ। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ভোট এলেই উত্তপ্ত হয়ে উঠত উত্তর ২৪ পরগনার শাসন। এবারে সেখানে নিরাপত্তার প্রবল কড়াকড়ি করা হয়েছে। বারাসত ২ নম্বর ব্লকের শাসন হাড়োয়া বিধানসভার অন্তর্গত। সেখানে সুষ্ঠ ও হিংসামুক্ত পরিবেশ গড়ে তুলতে তৎপর প্রশাসন। শাসন থানার আইসি আসিফ সানির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। বম্ব স্কোয়াড, স্নিফার ডগ সব মিলিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এলাকাজুড়ে। তেহাট্টা, সন্ডালিয়া সহ একাধিক গ্রামে ঢুকে চালানো হয়েছে চিরুনি তল্লাশি। নির্বাচন কমিশনের নির্দেশে অনেক আগেই এলাকায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে সেখানে চালানো হচ্ছে তল্লাশি। গ্রামে গ্রামে নিয়মিত রুট মার্চ করছে জওয়ানরা। তেহাট্টার বাসিন্দা আলাউদ্দিন মোল্লা বলেন, প্রতি বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী টহল দেয় ঠিকই। কিন্তু এভাবে বম্ব স্কোয়াড আর পুলিশ কুকুর নিয়ে গ্রামে ঢুকে চিরুনি তল্লাশি—এটা আগে দেখিনি। আমাদের কিছুটা হলেও ভরসা বাড়ছে। সন্ডালিয়ার আমির শেখের মতে, বোমাবাজি আর অশান্তি নিয়ে শাসনের দুর্নাম আছে। এবার ভোটের আগেই বোমের খোঁজে পুলিশের এই তৎপরতা মানুষের সেই ভয় কমাবে। এদিকে, ভোটারদের সঙ্গে কথা বলে ভোটদানে উৎসাহ দিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক তিওয়ারি ও বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। নির্ভয়ে ভোট দেওয়ার পরামর্শও দেওয়া হল। মঙ্গলবার বিকালে সোনারপুর থানার প্রতাপনগর পঞ্চায়েতের মেটিয়ারি, শাঙ্গুর ও কুষ্টিয়া গ্রামে যান জেলা প্রশাসন ও পুলিশ জেলার শীর্ষ কর্তারা। ভোট নিয়ে পূর্ব কোনো গোলমাল হয়েছিল কি না, কেউ ভয় দেখাচ্ছে কি না প্রশ্ন করা হয় গ্রামবাসীদের। এক দল মহিলা মাঠের ধারে আড্ডা মারতে দেখে তাঁদের সঙ্গেও কথা বলেন পুলিশ সুপার ও জেলাশাসক। কয়েকটি বুথের সার্বিক পরিস্থিতি পরীক্ষা করে দেখেন জেলাশাসক। কেউ কেউ প্রশাসনের প্রতিনিধিদের বলেন,  ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটলেও গত লোকসভা ভোটে শান্তিপূর্ণ ভাবে ভোট কেটেছে। কথাবার্তা বলার পর পুলিশের পক্ষ থেকে ভোটারদের ফোন নম্বর দেওয়া হয়। কোনো অসুবিধায় পড়ে ফোন করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। সোনারপুর থেকে সন্ধ্যার পর নরেন্দ্রপুর এলাকাতেও যান জেলাশাসক ও পুলিশ সুপার।  পুলিশ কুকুর নিয়ে তল্লাশি। নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ