নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল মমতা তৃণমূল কংগ্রেস। কিন্তু মিছিল শুরুর জায়গাতেই আটকে থাকল। পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ব্যারিকেড ভেঙে আর এগিয়ে যেতে পারল না মিছিল। ‘শুরু’র জায়গাতেই ‘শেষ’ হল মিছিল। পুলিশের তরফে দাবি করা হয়, মিছিলের অনুমতি নেই। আর মমতাপন্থী তৃণমূল নেতাদের দাবি, একটি মিছিল আটকাতে যদি কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়, তাহলে বুঝতে হবে প্রশাসন ভয় পেয়েছে।
এদিন রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যম্ত মিছিলের কর্মসূচি নিয়েছিল মমতা তৃণমূল কংগ্রেসের ছাত্র, যুব, মহিলা ও আইটি শাখা। যদিও এই মিছিল শুরুর একদিন আগে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, রাজাবাজার থেকে মিছিল এক পা এগতে দেবেন না। প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী নামাতে বলেছি। দুর্গা পুজোর সময় কোনো বিশৃঙ্খলা করতে দেব না। তারপর মঙ্গলবার সকালে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়ে দেন, মিছিল নিয়ে আমাদের কিছু জানা নেই। আমাদের কাছে এব্যাপারে খবর নেই।
এদিন দুপুর দু’টা নাগাদ রাজাবাজার মোড়ে হাজির হন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ দোলা সেন, বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক অশোক দেব, বিধায়ক আলিফা আহমেদ, প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরপ্রমুখ। মিছিল আটকানোর জন্য রাজাবাজার মোড়ে মোতায়ান করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। ছিল পর্যাপ্ত পুলিশও। এমনকি ব্যারিকেড দিয়ে রাস্তার একটি অংশ আটকে দেওয়া হয়েছিল। প্রথমে পুলিশের সঙ্গে কথা বলে মিছিলের বিষয় বোঝানোর চেষ্টা করেন কুণাল, দোলারা। কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়, মিছিলের কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। এরপর একটি ম্যাটাডরের উপরে উঠেবক্তব্য রাখেন নেতারা। পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে রাজাবাজার মোড়ে বিক্ষোভ দেখান কর্মীরা। কুণালের বক্তব্য, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রক্ষচক্ষু উড়িয়ে রাজাবাজার মোড়ে যে সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন, তাতে বিক্ষোভের উদ্দেশ্য সফল। পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, আপনি ভবানীপুর থেকে টালিগঞ্জ পর্যন্ত মিছিল করুন। আপনার কর্মীরা যদি হাঁটতে না পারেন, তাহলে রাসবিহারী ত্রিকোণ পার্ক পর্যন্ত মিছিল করুন। পুলিশ আপনাকে সুরক্ষা দেবে। -নিজস্ব চিত্র



