Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ল ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা, সিসি ক্যামেরায় মুড়ল বাণেশ্বর বাজার

বাণেশ্বর বাজারের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজার মুড়ে দেওয়া হল সিসি ক্যামেরায়।

বাড়ল ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা, সিসি ক্যামেরায় মুড়ল বাণেশ্বর বাজার
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাজীব বর্মন, দিনহাটা: বাণেশ্বর বাজারের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজার মুড়ে দেওয়া হল সিসি ক্যামেরায়। ব্যবসায়ীদের নিজস্ব তহবিল থেকে মোট ১১টি ক্যামেরা লাগানো হয়েছে। এর ফলে বাজারের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা বাড়ায় খুশি ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। 

Advertisement

শনিবার স্বাধীনতা দিবসে বাণেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজার চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আনুষ্ঠানিকভাবে বাজারে লাগানো ওই ক্যামেরাগুলির উদ্বোধন করা হয়। এছাড়াও ওই দিন ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দু’টি অনুষ্ঠানেরই সূচনা করেন কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণেশ্বর ব্যবসায়ী সমিতি ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। 
বাণেশ্বর ব্যাবসায়ী সমিতির সভাপতি শ্যামল ঘোষ বলেন, সংগঠনের পক্ষ থেকে সারা বছর আমরা বিভিন্ন সেবামূলক কর্মসূচি করে থাকি। স্বাধীনতা দিবসের মত একটি মহান দিনে আমরা সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। পাশাপাশি বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমিতির নিজস্ব তহবিল থেকে কেনা ১১টি সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে ওই দিন। দুই কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন বিধায়ক সুকুমার রায়। 
বিধায়ক বলেন, বাজারের নিরাপত্তার কথা চিন্তা করে ব্যবসায়ী সমিতির সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত খুবই প্রশংসনীয়। এতে বাজারে আসা ক্রেতাদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনই বিক্রেতাদেরও নিরাপত্তা বাড়বে। চুরি, ছিনতাই বা অনভিপ্রেত কোনো ঘটনা ঘটলে প্রশাসন প্রয়োজনে এখানকার ফুটেজ সংগ্রহ করে সহজেই অপরাধীকে চিহ্নিত করতে পারবে। 
প্রসঙ্গত, কোচবিহার জেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা বাণেশ্বর। জনশ্রুতি অনুযায়ী, অসুররাজ বাণাসুর প্রথম এখানে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এবং খেন রাজবংশের রাজা নীলাম্বর মন্দিরটি নির্মাণ করেন। কোচবিহারের মহারাজা নরনারায়ণ ও প্রাণনারায়ণের আমলে এই মন্দিরের সংস্কার ও বিকাশ ঘটে। রাজআমল থেকেই বাজারের পাশেই থাকা শিবমন্দিরকে ঘিরে সারাবছর ভক্ত সমাগম হয় বাণেশ্বরে। ফলে এই বাজারের গুরুত্ব জেলার অন্যান্য বড়ো বাজারগুলির মতো‌ই।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ