Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে দুর্ঘটনার পর নদীয়ায় রেলগেটের নিরাপত্তায় জোর

মুর্শিদাবাদের দুর্ঘটনার পর নদীয়ার রেলগেটে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। নিরাপত্তা বিধি মানার উপর জোর দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন।

মুর্শিদাবাদে দুর্ঘটনার পর নদীয়ায় রেলগেটের নিরাপত্তায় জোর
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর রেলগেটের মাঝের মর্মান্তিক দুর্ঘটনার জেরে এবার রাজ্যের বিভিন্ন রেলগেটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে উদ্যোগী হল পূর্ব রেল। শুক্রবার থেকেই বিভিন্ন লেভেল ক্রসিংয়ে কর্মরত গেটম্যানদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রেলগেট পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সমস্ত নিরাপত্তা বিধি কঠোরভাবে মানতে বলা হয়েছে। ট্রেন চলাচলের আগে ও পরে গেট খোলা ও বন্ধ করার ক্ষেত্রে কোনোরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়। রেল সূত্রের খবর, প্রতিটি গেটম্যানকে ডিউটির সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ট্রেনের সিগন্যাল, কন্ট্রোল অফিসের নির্দেশ এবং গেট বন্ধ ও খোলার নির্ধারিত নিয়ম যথাযথভাবে পালনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তাই এখন রেলের প্রধান অগ্রাধিকার বলে জানানো হয়েছে। মুর্শিদাবাদের ঘটনার পর নদীয়া জেলার বিভিন্ন রেলগেট নিয়েও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কারণ, জেলার বিভিন্ন প্রান্তে একাধিক ব্যস্ত লেভেল ক্রসিং রয়েছে। কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন এলাকাতেই তিন থেকে চারটি গুরুত্বপূর্ণ রেলগেট রয়েছে, যেখানে সারাদিন যানবাহনের চাপ থাকে। এছাড়া ধুবুলিয়া, বেথুয়াডহরি, পলাশি, দেবগ্রাম, রানাঘাট, চাকদহ, তাহেরপুর-সহ জেলার বিভিন্ন এলাকায় বহু রেলগেট রয়েছে। এসব জায়গায় প্রতিদিন হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন পারাপার করে। তাই সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন রেল আধিকারিকরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ