নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর দেরি নয়। এবার আগামী ৮ অক্টোবরের মধ্যে অবশ্যই জবাব জমা করুন। কার্যত এমনই নির্দেশ গেল ২০ এনসিপিআই সাংসদের কাছে। শুক্রবার লোকসভা সচিবালয় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, মালা রায়, দীপক অধিকারী (দেব)র মতো তৃণমূলের বিদ্রোহী ২০ জনের কাছে চিঠি চলে গিয়েছে। তৃণমূলের টিকিটে জিতে আচমকাই দলে বিদ্রোহ ঘোষণা করে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ায় যোগ দেন সুদীপ-কাকলিরা। তাই তাঁদের সদস্যপদ খারিজের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে গত ১৮ জুন পিটিশন জমা করেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তারই পরিপ্রেক্ষিতে ২০ জনের থেকে জবাব চায় লোকসভা সচিবালয়। গত ২৫ আগস্ট বলা হয় এক সপ্তাহের মধ্যে জবাব দিন। কিন্তু সুদীপ-কাকলিরা তা দেননি। ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চান। সেই সময় পেরিয়ে যাওয়ার পর আরও সময় চাওয়া হয়। আগামী ২২ অক্টোবর পর্যন্ত সময় চেয়েছিলেন এনসিপিআই সাংসদরা। কিন্তু শুক্রবার লোকসভা সচিবালয় তা নাকচ করে জানিয়ে দিয়েছে আগামী ৮ অক্টোবরের মধ্যে অবশ্যই (পজিটিভলি) জমা দিন।
এদিকে আগামী ৭ অক্টোবর সুপ্রিম কোর্টেও রয়েছে এ ব্যাপারে শুনানি। সময় মতো লোকসভার স্পিকার ২০ জনের সাংসদ পদ খারিজ ইস্যুতে ব্যবস্থা নিচ্ছেন না, এই অভিযোগ মামলা করেছেন অভিষেক। তারই শুনানিতে গত ২৩ সেপ্টেম্বর দেশের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, লোকসভার স্পিকার, সচিব এবং ওই ২০ জনকে আগামী ৭ অক্টোবরের মতো জবাব দিতে হবে। ফলে স্পিকারের অফিস এবং সুপ্রিম কোর্ট, জোড়া চাপে পড়েছেন এনসিপিআইয়ের তৃণমূল বিদ্রোহীরা।