Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট: লুকিয়ে বিয়ে, অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেপ্তার স্বামী

বালুরঘাটে ১৭ বছরের নাবালিকার গোপনে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সামনে এসেছে। পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছে। বিস্তারিত পড়ুন।

বালুরঘাট: লুকিয়ে বিয়ে, অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেপ্তার স্বামী
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, বালুরঘাট: লুকিয়ে ষোড়শীকে দেওয়া হয়েছিল বিয়ে। অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করতেই ফাঁস হয়ে গেল আসল তথ্য। বর্তমানে ওই কিশোরীর বয়স ১৭ বছর। বছরখানেক আগে ওই কিশোরীকে বিয়ে দেওয়া হয়েছিল। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কিশোরীকে বিয়ে করার অপরাধে তার স্বামীকে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ। অন্যদিকে, আরও এক নাবালিকাকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানা। ফলে কমবয়সে বিয়ে এবং অপহরণের মামলায় দুই যুবককে এদিন গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, বছরখানেক আগে বালুরঘাট শহরের ১৬ বছর বয়সী এক নাবালিকাকে বিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ায় বালুরঘাট জেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই নাবালিকার বর্তমান বয়স ১৭ বছর। তাই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে ওই নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করেছে। নাবালিকার পরিবার এবং যুবকের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। 
বিগত সরকারের আমল থেকে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে নাবালিকার বিয়ে দেওয়ার প্রবণতা রুখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিল প্রশাসন। পুলিশ-প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির তরফে স্কুলে স্কুলে সচেতনতামূলক প্রচার থেকে মাইকিং, ধরপাকড় থেকে আইনি পদক্ষেপ- সমস্ত কিছুই করা হয়। কিন্তু তারপরও নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার ঘটনায় বাড়ছে উদ্বেগ। জেলার আটটি ব্লকেই এমন ঘটনা সামনে আসছে। এনিয়ে জেলার সংশ্লিষ্ট থানাগুলিতে অভিযোগও দায়ের হচ্ছে। 
বালুরঘাটে গত কয়েকদিন ধরে লাগাতার নাবালিকা নিখোঁজের ঘটনা সামনে আসছে। তদন্তে নেমে ভিনজেলা থেকে তাদের উদ্ধারও করে আনছে পুলিশ। বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমের জালে ফাঁসানো হচ্ছে নাবালিকাদের। কয়েকদিন আগে বালুরঘাটের একটি গ্রামের ১৫ বছর বয়সী কিশোরী নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে থানায় অভিযোগ হয়। পরে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি তার এক আত্মীয়কে গ্রেপ্তার করে পুলিশ।

সম্পর্কিত সংবাদ