হায়দরাবাদ: প্রথম স্ত্রীর সঙ্গে বৈধভাবে বিবাহ বিচ্ছেদ না হলে দ্বিতীয় বিয়ে হিন্দু বিবাহ আইনে শুরু থেকেই (অ্যাব ইনিশিও) বাতিল বলে গণ্য হবে। সম্প্রতি একটি মামলার এমনই রায় দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এবং বিচারপতি বিআর মধুসূধন রাওয়ের বেঞ্চ আরও জানিয়েছে, যদি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সহবাস বৈধ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে হয়, তবে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। নিম্ন আদালতে খোরপোশের মামলা খারিজ হয়ে যাওয়ায় তেলেঙ্গানা হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী। তাঁর অভিযোগ, প্রথম স্ত্রীর সঙ্গে বৈধভাবে বিচ্ছেদ না করেই ওই ব্যক্তি তাঁকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে তিনি ওই ব্যক্তির কাছে বিচ্ছেদ ও খোরপোশ দাবি করে নিম্ন আদালতের মামলা করেন। কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে দেয়। অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তাঁর প্রথম স্ত্রী ১৪ বছর কোমায় ছিলেন। তাছাড়া তিনি নিয়ম মেনেই বিবাহ বিচ্ছেদ করেছেন। যদিও তা প্রমাণ করতে পারেননি তিনি।



