


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ, রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সেতুর বিভিন্ন অংশে মেরামতি ও সংস্কারের কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এই ঘটনার জেরে যানবাহনের যাতায়াত সংক্রান্ত বিষয়ে কিছু নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, দ্বিতীয় হুগলি সেতুর কেবল এবং বেয়ারিং বদলের কাজ হবে। ওই সময়ে কলকাতা-হাওড়ায় যাতায়াতকারী গাড়িগুলিকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। সেতুতে ওঠার বেশ কিছুটা আগেই গাড়িগুলিকে বিকল্প রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এরজন্য রাস্তায় মোতায়েন থাকবে বহু পুলিশ কর্মী। কোনওভাবেই যাতে রাস্তায় যানজট না হয় সেই বিষয়েও নজর রাখা হবে।
বিকল্প রাস্তার বিষয়ে পুলিশ জানিয়েছে, এজেসি বোস রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে টার্ভিউ ফ্লাইওভারের কাছে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে হেস্টিংস-সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে। এনজেএন আইল্যান্ডের দিক থেকে আসা গাড়িগুলিকেও হেস্টিংসয়ের কাছ থেকেই ঘুরিয়ে দেওয়া হবে। সেই গাড়িগুলিকেও হাওড়া ব্রিজের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ডায়মন্ড হারবার রোড ধরে আসা গাড়িগুলিকেও স্ট্র্যান্ড রোড হয়ে অন্য রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।