নিজস্ব প্রতিনিধি, মালদহ: খোদ ইংলিশবাজারেই রমরমিয়ে চলছিল ব্রাউন সুগার তৈরির কারখানা। গোপন ডেরায় হানা দিয়ে পুলিশ মাদক তৈরির কাঁচামাল-সহ ১৬ কেজি ৯৯৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল। যার বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। মাদক ছাড়াও উদ্ধার হয়েছে নগদ ৮ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের ইংলিশবাজারের কুমারপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে একটি গোডাউন থেকে ব্রাউন সুগার এবং মাদক তৈরির সামগ্রী-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মহিলা, বাকি দু'জন পুরুষ। ধৃতদের অনিতা কুমারী, দীপক কুমার ও গৌরব শাহের বাড়ি বিহারের পূর্ণিয়া এবং সমস্তিপুরে। আরও দুই মহিলা মেহমুদা খাতুন এবং মেহবুবা খাতুন ইংলিশবাজারের বাসিন্দা।
ওই গোডাউনের ভিতরে ব্রাউন সুগার তৈরি করা হত বলে জানিয়েছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মালদহ জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এই মাদক উদ্ধারে বাংলাদেশের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিহারে বাসিন্দারা ঠিক কতদিন ধরে মালদহে ছিলেন সেটিও খতিয়ে দেখা হবে।’ ধৃতদের আজ, মঙ্গলবার মালদহের সিজেএম কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা।



