Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মেডিকেল কলেজের জন্য আলিপুরদুয়ারে জমির খোঁজ শুরু

আলিপুরদুয়ারে প্রস্তাবিত মেডিকেল কলেজের জন্য জমির খোঁজ শুরু হয়েছে। জেলা হাসপাতালের ১০ কিমির মধ্যে জমি খোঁজা হচ্ছে। বিস্তারিত পড়ুন।

মেডিকেল কলেজের জন্য আলিপুরদুয়ারে জমির খোঁজ শুরু
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে প্রস্তাবিত মেডিকেল কলেজ তৈরির জন্য জমির খোঁজ শুরু হয়েছে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এই জমি দেখছে। আলিপুরদুয়ার বিধানসভা এলাকার মধ্যেই মেডিকেল কলেজের জন্য জমি দেখা হচ্ছে। কারণ ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইড লাইন অনুসারে এই মেডিকেল কলেজ হতে হবে জেলা হাসপাতালের ১০ কিমি দূরত্বের মধ্যে। 

Advertisement

জেলা স্বাস্থ্যদপ্তরের এক কর্তা জানিয়েছেন, ভূমিদপ্তর ইতিমধ্যেই তিনটি জমি দেখেছে। তবে সেই জমি কোথায় দেখা হয়েছে বিতর্ক এড়াতে তা বলতে অস্বীকার করেছেন ওই স্বাস্থ্যকর্তা। প্রথমে মনে করা হয়েছিল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে ১০ কিমি দূরত্বে তপসিখাতা আয়ুষ হাসপাতালের জমিতে প্রস্তাবিত মেডিকেল কলেজ হতে পারে। যদিও সেই সম্ভবনা উড়িয়ে দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস। 
বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মেডিকেল কলেজ তৈরির জন ভূমিদপ্তর প্রয়োজনীয় জমি দেখার কাজ শুরু করে দিয়েছে। তবে তপসিখাতা আয়ুষ হাসপাতালের জমিতে মেডিকেল কলেজ তৈরির সম্ভবনা নেই। কারণ সেখানে ভবিষ্যতে আয়ুর্বেদ কলেজ তৈরির সম্ভবনা আছে। 
উল্লেখ্য, এবারের রাজ্য বাজেটে পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে আলিপুরদুয়ার জেলাতেও মেডিকেল কলেজ তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। সেই জন্য গত ১৮ জুন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের তরফে সরকারিভাবে নোটিফিকেশন জারি করা হয়েছে। বাজেটে ঘোষণার পরেই জমি দেখার কাজ শুরু হয়েছে। এবার দেখার জেলা হাসপাতাল থেকে ১০ কিমির মধ্যে কোথায় মেডিকেল কলেজ হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ