Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে দেব-দর্শনে জনপ্লাবন

জনপ্লাবন বললেও যেন কম বলা হয়। শুক্রবার কান্দিতে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের রোড-শোর ছবিটা ছিল এমনই।

কান্দিতে দেব-দর্শনে জনপ্লাবন
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: জনপ্লাবন বললেও যেন কম বলা হয়। শুক্রবার কান্দিতে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের রোড-শোর ছবিটা ছিল এমনই। প্রায় দেড় কিমি রাস্তার কোথাও এক চুল ফাঁকা নেই। এলাকার লোকজন তো বটেই, দূরদূরান্ত থেকেও অনেকে টোটোয় চেপে একটিবারের জন্য স্বপ্নের নায়ককে দেখতে এসেছিলেন। তবে অতি সজ্জিত ট্যাবলোর কারণে অনেকেই দেবের মুখই দেখতে পেলেন শুধু। তাঁকে ভালোভাবে দেখার সুযোগ পেলেন না।

Advertisement

এদিন লালগোলার তৃণমূল প্রার্থী আবদুল আজিজের সমর্থনে ছাগলহাট মাঠে নির্বাচনি জনসভা করেন দেব। পরে হরিহরপাড়ায় ফের একটি রোড-শো করেন।
কান্দিতে এদিন সকাল ১০টা নাগাদ দেবের রোড-শো করার কথা ছিল। ঠিক ছিল, খড়সা মোড় থেকে বাঘবাটি মোড় পর্যন্ত দেড় কিমি রোড-শো করবেন তিনি। সেইমতো ১০টা থেকেই বহরমপুর-সুলতানপুর ১১নম্বর রাজ্য সড়কের দু’পাশে মানুষের ভিড় জমতে শুরু করে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কান্দির আকাশে দেবের হেলিকপ্টার উড়তে দেখা যায়। তখনই তৎপর হয়ে ওঠে পুলিশ। রাজ্য সড়কে যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়। রাস্তার দু’পাশ তখন দেব-ভক্তদের ভিড়ে ভরে গিয়েছে। দেব হেলিকপ্টার থেকে নামার পর কান্দির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার তাঁকে অভ্যর্থনা জানান। এরপর বেলা ১২টা নাগাদ খড়সা মোড়ে ট্যাবলোতে উঠে পড়েন। এরপর ওই রাজ্য সড়কের কোথাও এক চিলতে জায়গাও ফাঁকা দেখতে পাওয়া যায়নি। চারদিকে শুধু কালো মাথার ভিড়। অসংখ্য মহিলা হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে ছিলেন। কয়েকজন অন্তঃসত্ত্বাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আশপাশের গ্রাম থেকে অসংখ্য মানুষ টোটোয় চেপে ‘দেবদর্শনে’ এসেছিলেন। তবে প্রায় ৪০মিনিটের রোড-শোয় দেবকে ভালো করে দেখতে না পেয়ে অনেকেই হতাশ হন। কারণ যে ট্যাবলোয় দেব ছিলেন, সেটির দেওয়াল প্রায় ১০ফুট উঁচু ছিল। এতে অভিনেতা সাংসদের মুখমণ্ডল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে দায়ী করেন অনেকে। তবে দেব তাঁর ভক্তদের নিরাশ করেননি। মাঝেমধ্যে উঠে দাঁড়িয়েছেন। তখন কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল। কখনো কখনো হাত নেড়ে ধন্যবাদও দিচ্ছিলেন। তৃণমূল প্রার্থী অপূর্ববাবু বলেন, অভূতপূর্ব ভিড় হয়েছিল। বাড়ির ছাদ থেকে শুরু করে রাস্তার দু’পাশে অগণিত মানুষ রান্নাবান্না ছেড়ে হাজির হয়েছিলেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে হরিহরপাড়ায় হাজার হাজার মানুষ দেবকে দেখনে রাস্তায় নামলেন। সেখানকার তৃণমূল প্রার্থী নিয়ামত শেখের হয়ে দেব রোড-শো করেছেন। প্রিয় নায়ককে দেখতে রাস্তার দু’ধারে ব্যাপক জনসমাগম হয়। হরিহরপাড়ার কিষাণমান্ডি থেকে শহিদ মিনার অবধি প্রায় ২.৪কিমি পথ পাড়ি দেন তিনি। রোদ উপেক্ষা করে ব্যাপক জনসমাগম হয়। নিয়ামত সাহেব বলেন, মানুষের এই উচ্ছ্বাস বুঝিয়ে দিচ্ছে যে, আমাদের জয় নিশ্চিত।

সম্পর্কিত সংবাদ