Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

সিডনিতে এত কঠিন পিচে আগে খেলেননি স্টিভ স্মিথ

সিডনিতে এত কঠিন পিচে আগে খেলেননি স্টিভ স্মিথ
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সিডনি: টেস্টে দশ হাজার রানের চেয়ে মাত্র একরানের দূরত্বে স্টিভ স্মিথ। ৯৯৯৯ রানে আটকে তিনি। তবে বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের আনন্দে ব্যক্তিগত মাইলস্টোন বিলম্বিত হওয়ার আক্ষেপ ভুলে গিয়েছেন তিনি। স্মিথের কথায়, ‘টেস্টে দশ হাজার রান হয়নি এই সিরিজে ঠিকই, তবে তা গুরুত্বপূর্ণ নয়। প্রত্যাশিত ফল এসেছে সেটাই আসল।’ 
Advertisement
এই সিরিজে দুটো শতরান করেছেন স্মিথ। সিডনি টেস্টে তাঁর ব্যাটে দুই ইনিংসে এসেছে যথাক্রমে ৩৩ ও ৪ রান। স্মিথের মতে, ‘সিডনিতে দ্বিতীয় ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণার বিপজ্জনক ডেলিভারিতে কিছু করার ছিল না। পয়েন্টে মারতে গিয়েছিলাম। কিন্তু পারিনি। এই মাঠে এত কঠিন পিচে আগে কখনও খেলিনি। অসমান বাউন্স ছিল বাইশ গজে। কোনও বল উঠছে তো কোনওটা নীচু হচ্ছে। সারাক্ষণ সিম করছে বল, সুইংও হচ্ছে। সিডনিতে এমন উইকেটে অতীতে ব্যাট করতে নামিনি। এই পিচে ব্যাট করা ছিল রীতিমতো চ্যালেঞ্জের।’ ভারতের বিরুদ্ধে এক দশক পর টেস্ট সিরিজ জেতা নিয়ে স্মিথের মন্তব্য, ‘দারুণ মজাদার একটা সিরিজ হল। ভারত দুর্দান্ত দল। আমরা রীতিমতো চ্যালেঞ্জের সামনে পড়েছি। বিশেষ করে যশপ্রীত বুমরাহকে খেলা মুশকিল ব্যাপার ছিল। আমাদের সৌভাগ্য যে সিরিজটা জিততে পেরেছি।’
সম্পর্কিত সংবাদ