Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পতাকা তোলাকে ঘিরে হাওড়া পুরসভায় বিজেপি ও বিএমএস কর্মীদের হাতাহাতি, জখম ৪, থানায় অভিযোগ দায়ের

হাওড়া পুরসভায় বিএমএস ও বিজেপির মধ্যে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। আহত ৪, তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন।

পতাকা তোলাকে ঘিরে হাওড়া পুরসভায়  বিজেপি ও বিএমএস কর্মীদের হাতাহাতি, জখম ৪, থানায় অভিযোগ দায়ের
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার হাওড়া পুরসভা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএসের সদস্যদের সঙ্গে বিজেপির একাংশের বচসা মুহূর্তের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়। এই ঘটনায় অন্তত চারজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। পরে উভয়পক্ষই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

বিএমএস সূত্রে জানা গিয়েছে, সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ জেলা সম্পাদক রাণাপ্রতাপ সিংয়ের নেতৃত্বে ১০-১২ জন সদস্য হাওড়া পুরসভায় যান। তাঁদের উদ্দেশ্য ছিল সংগঠনের পতাকা উত্তোলন ও উপস্থিত কর্মীদের মিষ্টিমুখ করানো। অভিযোগ, পতাকা তোলার প্রস্তুতি চলাকালীন এক পুরকর্মীর নেতৃত্বে বিজেপির কয়েকজন এসে বাধা দেন। এরপর শুরু হয় বচসা, যা দ্রুত হাতাহাতিতে পৌঁছায়। বিএমএসের দাবি, জেলা সম্পাদক রাণাপ্রতাপ সিং, ইউনিট সম্পাদক দিব্যেন্দু চক্রবর্তী সহ একাধিক সদস্যকে মারধর করা হয়। এমনকি, মহিলা সদস্যদেরও নিগ্রহের অভিযোগ তোলা হয়েছে। রাণাপ্রতাপের অভিযোগ, পুরসভার ভিতরে বিজেপি ছাড়া অন্য কোনো সংগঠন করা চলবে না বলে হুমকি দিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়। অন্যদিকে, বিজেপির তরফেও পালটা অভিযোগ করা হয়েছে যে, বিএমএসের সদস্যরা প্রথমে অশান্তির পরিবেশ তৈরি করেন। এই ঘটনার জেরে হাওড়া পুরসভা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয়পক্ষের অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।
এদিকে, বিজেপির হাওড়া জেলা সদরের সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, ‘বিএমএস হল আরএসএসের স্বীকৃত শ্রমিক সংগঠন। তাদের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনে কোনো বাধা থাকার কথা নয়। কারা হামলার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও বালি কেন্দ্রের বিজেপি বিধায়ক সঞ্জয় সিং দাবি করেন, এই ঘটনার বিন্দুবিসর্গ তিনি জানেন না। হাওড়া পুরসভায় বিজেপির কোনো শ্রমিক ইউনিয়ন নেই। কারা ইউনিয়নের নাম করে সেখানে কর্মসূচি করতে গিয়েছিল, সে বিষয়েও তাঁর কিছু জানা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ