Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভরা ইডেনে স্কটল্যান্ড-বধ ইংল্যান্ডের

হাতে ফুল বা উপহার। পাশে প্রিয় মানুষ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে ইডেনমুখী শহরের যুব সমাজ। ভ্যালেন্টাইনস ডে’র ভরা ইডেনকে হতাশ করেনি স্কটল্যান্ড ও ইংল্যান্ড।

ভরা ইডেনে স্কটল্যান্ড-বধ ইংল্যান্ডের
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে ফুল বা উপহার। পাশে প্রিয় মানুষ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে ইডেনমুখী শহরের যুব সমাজ। ভ্যালেন্টাইনস ডে’র ভরা ইডেনকে হতাশ করেনি স্কটল্যান্ড ও ইংল্যান্ড। শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫ উইকেটে স্কটিশদের হারাল ইংরেজরা। টস হেরে প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। জবাবে ৫ উইকেট খুইয়ে ১০ বল বাকি থাকতে জয় পায় হ্যারি ব্রুকের দল (১৫৫-৫)। ৪১ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা টম ব্যান্টন।

Advertisement

অ্যাসোসিয়েট দেশ স্কটল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের জয় প্রত্যাশিতই। ধারে ভারে প্রতিবেশি রাষ্ট্রের চেয়ে ঢের এগিয়ে থেকে মাঠে নেমেছিলেন হ্যারি ব্রুক, জস বাটলাররা। কিন্তু জয় মোটেও সহজে আসেনি। বিশেষ করে রান তাড়া করতে নেমে দলগত ১৩ রানেই ২ উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ইংলিশ ব্রিগেড। চূড়ান্ত ব্যর্থ ফিল সল্ট (২) ও জস বাটলার (৩)। তবে জেকব বেথেলকে নিয়ে ধাক্কা সামলে দলকে টেনে তোলেন ব্যান্টন। ৩২ রানে বেথেল আউট হলেও ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। তাঁর ৬৩ রানের ইনিংসে রয়েছে ৪টি চার ও ৩টি ছক্কা। তার আগে ক্যাপ্টেন জোন্স (৩৩) ও ক্যাপ্টেন রিচি বেরিংটনের (৪৯) ব্যাটে দেড়শোর বেশি রান তুলেছিল স্কটল্যান্ড। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
এদিকে, শনিবার ম্যাচের ফাঁকে টি-২০ বিশ্বকাপ নিয়ে বিশেষ ম্যাগাজিন প্রকাশ করল সিএবি। আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিন উন্মোচন করেন সভাপতি সৌরভ গাঙ্গুলি।
কলম্বোতে দিনের অপর ম্যাচে ওমানকে খড়কুটোর মতো উড়িয়ে দিল আয়ারল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে আইরিশরা তোলে ৫ উইকেটে ২৩৫ রান। সৌজন্যে ৫১ বলে ক্যাপ্টেন লরকান ট্যাকারের অপরাজিত ৯৪ রানের ইনিংস। জবাবে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান।

সম্পর্কিত সংবাদ