হায়দরাবাদ: কৃষিবিজ্ঞানীর শিশুকন্যাকে অপহরণ করে খুন! তেলেঙ্গানার হায়দরাবাদের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার হঠাৎই নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের মেয়েটি। খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আবাসনের ক্লাবহাউস থেকে তার দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে বিক্রম নামে এক তরুণকে চিহ্নিত করেছে পুলিশ। আবাসনের নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতে সে। অভিযোগ, নাবালিকাকে অপহরণ করে ২০ লক্ষ মুক্তিপণ চেয়েছিল বিক্রম। কিন্তু, সেই টাকা না পেয়ে মেয়েটিকে খুন করে গা ঢাকা দিয়েছে সে। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। তাতে দেখা যাচ্ছে, কিশোরীর পিছু নিয়েছে বিক্রম। তাতেই এই নিরাপত্তারক্ষীর উপর প্রাথমিকভাবে সন্দেহ হয় পুলিশের। অভিযুক্তের হদিশ পেতে দশটি টিম তৈরি করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার দু’-তিনদিন আগে থেকেই ওই বিজ্ঞানীর বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বিক্রম। সংশ্লিষ্ট সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের গতিবিধি বোঝার চেষ্টা করছে পুলিশ। বিক্রমের মোবাইল ফোনের লোকেশনও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁদের অনুমান, কিশোরীকে খুনের পরই সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ট্রেন ধরে অন্যত্র চলে গিয়েছে অভিযুক্ত। বোল্লারাম থানার এক আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনা পরম্পরা তৈরি ও খুনের কারণ জানার চেষ্টা চলছে। এদিকে, কিশোরীর হত্যাকাণ্ডের পর আবাসনের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন বাসিন্দারা।



