সংবাদদাতা, তারকেশ্বর: চন্দননগরের স্কুলে এক সহ শিক্ষিকার শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার চন্দননগরের একটি নামী স্কুলে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
সংবাদদাতা, তারকেশ্বর: চন্দননগরের স্কুলে এক সহ শিক্ষিকার শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার চন্দননগরের একটি নামী স্কুলে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
নির্যাতিতা শিক্ষিকার অভিযোগ, কয়েকদিন ধরেই স্কুলের প্রধান শিক্ষক তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। তারপর নানা অছিলায় নিজের ঘরে ডেকে যৌন হেনস্তাও করা হয়েছে তাঁকে। এমনকি, ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলেও মারাত্মক অভিযোগ এনেছেন ওই শিক্ষিকা। শিক্ষিকার স্বামী চাকরিসূত্রে বাইরে থাকেন। এই সুযোগকে কাজে লাগিয়ে ওই প্রধান শিক্ষক প্রায়ই তাঁর বাড়িতে যাওয়ার চেষ্টা করেছেন।
শিক্ষিকা অভিযোগে বলেছেন, গরমের ছুটি শেষে ২ জুন স্কুল খোলার পর জোর করে অফিস রুমে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করা হয়েছে তাঁকে। শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শও করা হয়েছে। এই মানসিক ধাক্কা সামলাতে না পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। কাউন্সেলিং পর্যন্ত করাতে হয়। পরে এই ঘটনার কথা স্বামী এবং স্কুলের অন্যান্য শিক্ষককেও জানান। অভিযোগ, কুকীর্তি যাতে ধরা না পড়ে, তারজন্য দীর্ঘদিন ধরেই অফিসের সিসি ক্যামেরা বন্ধ করে রেখেছেন ওই প্রধান শিক্ষক।
এদিন শিক্ষিকা ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন। হুগলির ডিআইয়ের কাছেও অভিযোগ জানান তিনি। মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষিকা চাইছেন শাস্তি হোক প্রধান শিক্ষকের। হুগলির ডিআই সত্যজিৎ মণ্ডল বলেন, একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে। চন্দননগর থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সারবত্তা খতিয়ে দেখতে অভিযুক্তকে নোটিস পাঠানো হয়েছে। ঘটনা সত্যি হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।