গোপাল সূত্রধর, বালুরঘাট: উত্তরবঙ্গের মধ্যে প্রথম দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে ‘স্কুল অফ ফাইন আর্টস’। পরিকাঠামো তৈরি হয়ে এটি চালু হলে উত্তরের মানুষের জন্য তা হবে আনন্দের বিষয়! নাটকের শহর বালুরঘাটে শিল্প চর্চা ও ডিগ্রি অর্জনের ক্ষেত্রে গোটা উত্তরবঙ্গের মানুষের জন্য যা হবে এক যুগান্তকারী পদক্ষেপ। কারণ স্বাধীনতার ৭৮ বছর পরেও উত্তরবঙ্গে শিল্প চর্চার জন্য এমন কোনো সরকারি বা সরকার পোষিত প্রতিষ্ঠান গড়েই ওঠেনি। প্রচলিত বিষয় ভিত্তিক পড়াশোনার পাশাপাশি শিল্প মাধ্যমের ব্যবহার, শিল্প সৃষ্টি, নন্দনতত্ত্ব ও সৃজনশীল চিন্তা ভাবনাকে উচ্চশিক্ষার পরিসরে নিয়ে আসার পরিকল্পনা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল অফ ফাইন আর্টসের অধীনে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পঠনপাঠনের পাশাপাশি গবেষণার সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নাটককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুল অফ ফাইন আর্টসের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভাষা ও মানবিক বিভাগের মতো বিভিন্ন ক্ষেত্রকে নিয়ে পঠনপাঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সৃজনশীল পঠনপাঠনের জন্য একগুচ্ছ বিষয় খোলার ভাবনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ বলেন, উত্তরবঙ্গের মধ্যে কোথাও স্কুল অফ ফাইন আর্টস নেই। তাই স্থায়ী পরিকাঠামো হয়ে গেলে আমরা স্কুল অফ ফাইন আর্টস বিভাগ খুলব। যার মধ্যে আরও নানা বিষয় নিয়ে ছেলেমেয়েরা পঠনপাঠন ও গবেষণা করতে পারবেন। পড়ুয়ারা ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট ও পিজি কোর্স করতে পারবেন। নিউ এডুকেশন পলিসি অনুযায়ী শুধু বিষয়ভিত্তিক পড়াশোনা নয়, সৃজনশীল পড়াশোনার উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। তাই আমরা এই বিষয়ে জোর দিচ্ছি। যেহেতু বালুরঘাট নাটকের শহর, তাই স্কুল অফ ফাইন আর্টসের মধ্যে নাটকও থাকবে। ফলে নাটকের আরও প্রসার ঘটবে।
বুধবার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হিলি এসএসবি কলেজকে নিয়ে বালুরঘাটের বালুছায়া ভবনে বাংলা নাটক সময় ও সমাজের দর্পণ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। নাটকের শহর হিসাবে পরিচিত বালুরঘাটে নাট্যচর্চার প্রতি উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল অফ ফাইন আর্টস চালুর পরিকল্পনার কথা সামনে আনে। বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, স্কুলটি চালু হলে নাটক-সহ বিভিন্ন সৃজনশীল বিষয় নিয়ে পঠন-পাঠনের সুযোগ তৈরি হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রহ্মনম টি। নাটক ও শিল্প-সাহিত্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিল্প-সাহিত্য সবার জন্য। বালুরঘাট শহরটি নাটক ও সাহিত্যের জন্য সুপরিচিত। এখান থেকে অন্যান্য পেশায় সেই প্রভাব কীভাবে প্রতিফলিত হচ্ছে, তা তুলে ধরে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় আজ অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছে।