নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইউডাইস প্লাস পোর্টালে শিক্ষক এবং পড়ুয়াদের তথ্য না দিলে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সোমবার নিউটাউন কনভেনশন সেন্টারে স্কুলস্তরে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার জন্য শিক্ষক-প্রশাসকদের নিয়ে কর্মশালা শুরু করেছে স্কুল শিক্ষাদপ্তর। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান, প্রয়োজনে স্কুলগুলির ইউডাইস নম্বর প্রত্যাহার করা হতে পারে।
মন্ত্রী বলেন, ‘সরকারি স্কুলগুলির ক্ষেত্রে এই তথ্য দেওয়া আবশ্যিক। এই স্কুলগুলির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে বেসরকারি স্কুল নিয়েই।’ সেই কারণে তিনি সতর্ক করে দেন ওই স্কুলগুলিকে। স্কুলগুলি তথ্য না দেওয়ায় যে সমস্যা হচ্ছে, তা হল, এর ফলে স্কুলগুলিতে পড়ুয়াদের জিরো এনরোলমেন্ট দেখাচ্ছে। এর ফলে রাজ্যে স্কুলশিক্ষার ছবিটা কেন্দ্রীয় রিপোর্টে আরও খারাপ দেখাচ্ছে। তাঁর দাবি, রাজ্যজুড়ে প্রায় ৯ হাজার স্কুল রয়েছে, যেগুলির এনরোলমেন্ট শূন্য দেখাচ্ছে। এর অধিকাংশ বেসরকারি স্কুল বলেই দাবি মন্ত্রীর।
এদিন, কেন্দ্রীয় শিক্ষানীতি রূপায়ণ নিয়ে এনসিইআরটির সঙ্গে একটি ‘মউ’ স্বাক্ষর হয়েছে স্কুল শিক্ষাদপ্তরের। এ বিষয়ে কেন্দ্রীয় সংস্থাটি বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে সাহায্য করবে স্কুল শিক্ষাদপ্তরকে। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন এমসিইআরটির অধিকর্তা দীনেশ প্রসাদ সাকলানি। তিনি জানান, বিভিন্ন রাজ্যেই এ ধরনের ‘মউ’ স্বাক্ষর হচ্ছে। এনসিইআরটি তাদের সবরকম সহযোগিতা করছে। প্রসঙ্গত এ রাজ্যে ২০২৮ সালে স্কুলস্তরে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।