Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

বহু বিজেপি শাসিত রাজ্যে স্কুলছুটের হার জাতীয় গড়ের থেকে বেশি, কেন্দ্রের পরিসংখ্যানে উদ্বেগ

দেশে স্কুলছুটের হার নিয়ে সংসদে উদ্বেগজনক পরিসংখ্যান পেশ করল মোদি সরকার। দেখা যাচ্ছে, স্কুলছুটের জাতীয় গড়ের তুলনায় এসংক্রান্ত হার একাধিক বিজেপি শাসিত রাজ্যে অনেক বেশি।

বহু বিজেপি শাসিত রাজ্যে স্কুলছুটের হার জাতীয়  গড়ের থেকে বেশি, কেন্দ্রের পরিসংখ্যানে উদ্বেগ
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: দেশে স্কুলছুটের হার নিয়ে সংসদে উদ্বেগজনক পরিসংখ্যান পেশ করল মোদি সরকার। দেখা যাচ্ছে, স্কুলছুটের জাতীয় গড়ের তুলনায় এসংক্রান্ত হার একাধিক বিজেপি শাসিত রাজ্যে অনেক বেশি। এক্ষেত্রে প্রধানত সেকেন্ডারি লেভেল, অর্থাৎ নবম এবং দশম শ্রেণির পরিসংখ্যান পেশ করেছে শিক্ষামন্ত্রক। সার্বিক স্কুলছুটের হার এবং শুধুমাত্র ছাত্রীদের হার নিয়ে আলাদা খতিয়ানও দেওয়া হয়েছে। রাজ্যসভায় এসংক্রান্ত বিষয়ে লিখিত প্রশ্ন করেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ। তারই লিখিত জবাবে উল্লিখিত পরিসংখ্যান পেশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি।

Advertisement

পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ২০২৫-২৬ আর্থিক বছরে সারা দেশে সেকেন্ডারি লেভেলে সার্বিকভাবে স্কুলছুটের জাতীয় হার ৯.৫ শতাংশ। এই পরিস্থিতিতে বিজেপি শাসিত রাজ্যগুলির বড়ো অংশের ছবি যথেষ্ট উদ্বেগজনক। অসমে স্কুলছুটের সার্বিক হার ১৪.৩ শতাংশ। গুজরাতে ১৫.৭ শতাংশ। মধ্যপ্রদেশে ১৩ শতাংশ। ওড়িশায় ১৩.৭ শতাংশ। ত্রিপুরায় ১০.৪ শতাংশ। কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর মতো কর্মসূচি হাতে নিয়েছে মোদি সরকার। কিন্তু তাতে আদৌ কাজের কাজ কিছু হচ্ছে কি? প্রশ্ন উঠছে। কারণ শিক্ষামন্ত্রকের পেশ করা ওই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৫-২৬ অর্থবর্ষে নবম এবং দশম শ্রেণির ছাত্রীদের মধ্যে স্কুলছুটের জাতীয় হার ৮ শতাংশ। একাধিক বিজেপি শাসিত রাজ্যে এসংক্রান্ত হার জাতীয় গড়ের থেকেও বেশি। অসমে ১৩.৯ শতাংশ। গুজরাতে ১৩.৩ শতাংশ। মধ্যপ্রদেশে ১১.৩ শতাংশ। ওড়িশায় ১১.২ শতাংশ। ত্রিপুরায় ৯.৭ শতাংশ। ২০২৫-২৬ আর্থিক বছরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছাত্রীদের স্কুলছুটের হার পাঁচ শতাংশ সার্বিকভাবে এই হার সাড়ে পাঁচ শতাংশ। 
রাজ্যসভায় পেশ করা লিখিত জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি জানিয়েছেন, ২০২৫-২৬ আর্থিক বছরের ‘ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস’ রিপোর্ট থেকেই সংশ্লিষ্ট পরিসংখ্যান পেশ করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয়, নির্দিষ্ট করে স্কুলছুটের হার কমানোর উদ্দেশ্যে কেন্দ্র ঠিক কী পদক্ষেপ করেছে, তার স্পষ্ট জবাব লিখিতভাবে দেননি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি কয়েকটি কেন্দ্রীয় সরকারি কর্মসূচির উল্লেখ করেছেন মাত্র। যেমন, সমগ্র শিক্ষা অভিযান বা পিএম পোষণ প্রকল্প। তিনি আরও জানিয়েছেন, স্কুলছুটের হার কমানোর উদ্দেশ্যে এবং সরকারি স্কুলে পড়ুয়া ভর্তি বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র নিয়মিতভাবে রাজ্য সরকারগুলিকে আর্থিক সহযোগিতা করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ