Bartaman Logo
২৮ মে, ২০২৬

স্কুলছুট: এগিয়ে ডাবল ইঞ্জিন রাজ্যগুলি

স্কুলছুটের নিরিখে বিজেপি শাসিত একাধিক রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা সামনে চলে এল। প্রাথমিক, উচ্চ প্রাথমিক কিংবা সেকেন্ডারি। তিন অর্থবর্ষে স্কুলছুটের হারে দেশের মধ্যে একেবারে প্রথম সারিতেই রয়েছে অধিকাংশ ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যই।

স্কুলছুট: এগিয়ে ডাবল ইঞ্জিন রাজ্যগুলি
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০

দিব্যেন্দু বিশ্বাস  নয়াদিল্লি

Advertisement

স্কুলছুটের নিরিখে বিজেপি শাসিত একাধিক রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা সামনে চলে এল। প্রাথমিক, উচ্চ প্রাথমিক কিংবা সেকেন্ডারি। তিন অর্থবর্ষে স্কুলছুটের হারে দেশের মধ্যে একেবারে প্রথম সারিতেই রয়েছে অধিকাংশ ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যই। 
২০২৩-২৪ আর্থিক বছরে উল্লিখিত তিনটি ক্ষেত্রেই স্কুলছুটের হারে শীর্ষস্থানে রয়েছে এনডিএ শাসিত ভোটমুখী রাজ্য বিহার। ২০২১-২২ থেকে ২০২৩-২৪— এই তিনটি আর্থিক বছরে দেশের মধ্যে প্রথম সারির তালিকায় রয়েছে রাজস্থান, অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশার মতো রাজ্যগুলির নাম। সম্প্রতি সংসদে শিক্ষামন্ত্রকের পেশ করা এই সংক্রান্ত খতিয়ানে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞ মহলে। তবে কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যান থেকেই স্পষ্ট, বাংলায় পরিস্থিতি ঢের ভালো। ২০২৩-২৪ অর্থবর্ষে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে রাজ্যে কোনও স্কুলছুট নেই। সম্প্রতি স্কুলছুটের হার নিয়ে সংসদে লিখিত প্রশ্ন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত রাজ্যভিত্তিক পরিসংখ্যানও জানতে চান। তারই লিখিত জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যে পরিসংখ্যান পেশ করেছেন, তাতেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা প্রকাশ্যে এসেছে। 
দেখা যাচ্ছে, ২০২৩-২৪ আর্থিক বছরে প্রাথমিক স্তরে স্কুলছুটের হারে দেশের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে দুই বিজেপি শাসিত রাজ্য। প্রথম বিহার (৮.৯ শতাংশ) এবং দ্বিতীয় রাজস্থান (৭.৬ শতাংশ)। উচ্চ প্রাথমিকে স্কুলছুটের হারে প্রথম এবং তৃতীয় স্থানে রয়েছে দুই ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য বিহার (২৫.৯ শতাংশ) এবং অসম (৮.২ শতাংশ)। অন্যদিকে, ওই অর্থবর্ষে সেকেন্ডারি স্তরে স্কুলছুটের হারে শীর্ষস্থানে রয়েছে বিহার (২৫.৬ শতাংশ) এবং অসম (২৫.১ শতাংশ)। ২০২২-২৩ আর্থিক বছরে প্রাথমিকে স্কুলছুটের হারে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ (১৮.৮ শতাংশ)। উচ্চ প্রাথমিকে স্কুলছুটের নিরিখে দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ স্থানে যথাক্রমে উত্তরপ্রদেশ (১৬ শতাংশ) এবং বিহার (১৫.৮ শতাংশ)। সেকেন্ডারি স্তরে স্কুলছুটের নিরিখে দেশের মধ্যে একইসঙ্গে শীর্ষে রয়েছে দু’টি বিজেপি শাসিত রাজ্য। অসম এবং বিহার (২৯.৫ শতাংশ)। ২০২১-২২ অর্থবর্ষে উচ্চ প্রাথমিকে দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে দুই ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য। অসম এবং মধ্যপ্রদেশ (৮.৮ শতাংশ)। ওই বছর সেকেন্ডারি স্তরে দেশের মধ্যে শীর্ষে ওড়িশা। ওই রাজ্যে স্কুলছুটের হার ২৭.৩ শতাংশ।

সম্পর্কিত সংবাদ