


লখনউ: উত্তরপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) নিয়োগ পরীক্ষায় বিতর্ক। শনিবারের এই পরীক্ষার একটি প্রশ্নে ‘পন্ডিত’ শব্দ ব্যবহার ঘিরে ঘটনার সূত্রপাত। হিন্দিতে প্রশ্নটি ছিল, যে ব্যক্তি পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলে তাঁকে কীভাবে বোঝানো হয়ে থাকে? উত্তরে চারটি বিকল্প দেওয়া হয়েছিল—১) সদাচারী ২) আদর্শবাদী ৩) পন্ডিত ৪) নিষ্কপট। তারমধ্যে পন্ডিত শব্দটি ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন ব্রাহ্মণ সম্প্রদায় ও বিজেপি নেতারা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমন প্রশ্ন করা উচিত হয়নি বলে তাঁরা মন্তব্য করেছেন। ব্রাহ্মণ সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয়েছে, পন্ডিত শব্দটি ঐতিহ্যগতভাবে জ্ঞান ও বিদ্যাচর্চার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সেখানে নেতিবাচক ধারণায়এই শব্দের ব্যবহার একেবারেই অনুচিত ও আপত্তিকর। বিজেপি এই ঘটনায় চক্রান্ত দেখছে। যোগী সরকারকে বদনাম করতে এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা অভিজিৎ মিশ্র। বিষয়টি নিয়ে তিনি তদন্তের দাবি জানিয়েছেন। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, কোনো সম্প্রদায়কে অপমান ও মর্যাদা ক্ষুণ্ণ করা উচিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পন্ডিত সুনীল ভারালা বলেন, প্রশ্নটি বিদ্বেষমূলক বলে আমার মনে হয়েছে। এব্যাপারে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। সমাজমাধ্যমেও এনিয়ে অনেকে সরব হয়েছেন।