


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। তাই আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। কলকাতা ও লাগোয়া এলাকায় বৃষ্টি হতে পারে। একাধিক জেলায় বজ্রপাত সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, সোম-মঙ্গলবারের মধ্যে অন্তত একদিন ঝড়-বৃষ্টির মাত্রা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী কয়েক ঘন্টা আগে এলাকাভিত্তিক বিশেষ পূর্বাভাস দেওয়া হবে। এই সময় বজ্রপাত থেকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া কর্তা। শনিবার সন্ধ্যাতেই আবহাওয়া দপ্তর হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করে। সেই মতো হালকা বৃষ্টি হয় এদিন।
সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা। এসব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলায় আজ, রবিবার থেকে আগামী কয়েকদিন হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলায় কয়েকদিন বজ্রপাত সহ ঝড়-বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ দেওয়া হয়েছে।
বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে যাওয়ার শনিবারই কলকাতা সহ বিভিন্ন জেলার আকাশ কিছুটা মেঘলা হয়। কোথাও কোথাও সামান্য বৃষ্টিও হয়েছে বলে খবর। মেঘলা আকাশের জন্য সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে এদিন। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (২৩.৬ ডিগ্রি) স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি ছিল।