নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএল জিতে উৎসবে মাতোয়ারা ইস্ট বেঙ্গল। পাড়ায় পাড়ায় বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন লাল-হলুদ সমর্থকরা। এরইমধ্যে নিঃশব্দে ঘর গোছানো শুরু করে দিল মোহন বাগান। ইস্ট বেঙ্গলের সায়ন ব্যানার্জিকে তুলে নিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, পড়শি ক্লাবের বড় প্রস্তাবে সাড়া দিয়ে ইতিমধ্যেই প্রি-কন্ট্রাক্টে সই করে দিয়েছেন বঙ্গসন্তান। দীর্ঘমেয়াদি চুক্তিতেই গঙ্গাপাড়ের ক্লাবে নৌকা ভেড়ালেন সায়ন।
বছর তিনেক আগে কালীঘাট এমএস থেকে ইস্ট বেঙ্গলে সই করেছিলেন সায়ন। কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে বেশ নজরও কাড়েন আসানসোলের উইং-হাফ। ডার্বিতে মোহন বাগানের দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে সায়নের বাকবিতণ্ডার মুহূর্ত সোশ্যাল সাইটে ভাইরাল। এমনকী, কল্যাণীতে ঘরোয়া লিগের ডার্বিতে মোহন বাগানের বিরুদ্ধে দুরন্ত গোলও ছিল তাঁর। তবে অস্কার জমানায় সিনিয়র দলে সেভাবে সুযোগ পাননি সায়ন। ক্রমশই হতাশা বাড়ছিল। এই সুযোগে বাজিমাত করল মোহন বাগান। আসলে আগামী মরশুমে আইএসএলের পাশাপাশি ঘরোয়া লিগেও ভালো ফল করতে মরিয়া মোহন বাগান। ঢেলে সাজানো হচ্ছে স্কোয়াড। শোনা যাচ্ছে, ইস্ট বেঙ্গলের কেরালাইট ফুটবলার জেসিন টিকের দিকেও নজর রয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। জেসিনের সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি শেষ। পাশাপাশি শ্যামল বেসরাও ক্লাব ছাড়লেন।