নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার আইএসএলে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ম্যাচের তিনদিন আগে মঙ্গলবার মিগুয়েলকে সাইডলাইনে দেখে অনেকেরই বুক ছ্যাঁৎ করে ওঠার জোগাড়। এমনিতেই চোট-আঘাতে জেরবার দল। তাই তারকা ব্রাজিলিয়ানকে নিয়ে সমর্থকদের উদ্বেগ স্বাভাবিক। সূত্রের খবর, অহেতুক চিন্তার কারণ নেই। আসলে নর্থ ইস্ট ম্যাচের আগে মিগুয়েলের ঘাড় স্টিফ হয়ে যায়। শেষ পর্যন্ত ইঞ্জেকশন নিয়ে মাঠে নামেন তিনি। মিগুয়েলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ কোচ ব্রুজোঁ। তাই বিশ্রামে রাখা হয়েছে তারকা প্লে-মেকারকে। অন্যদিকে, সাউল ক্রেসপো এদিন রিহ্যাব শুরু করলেন। চোটপ্রবণ স্প্যানিশ মিডিও বিড়ম্বনার কারণ। তবে নাওরেম মহেশ সিং অনেকটাই ফিট। পরের এফসি গোয়ার বিরুদ্ধেই স্কোয়াডে ফিরবেন তিনি। হাঁটুর চোটের কারণে বাইরে রয়েছেন মহেশ। তাঁকে পেয়ে গেলে অস্কারের অপশন অনেকটাই বাড়বে।
চলতি আইএসএলে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ জামশেদপুর। মাধি তালাল, মেসি বৌলি, স্টিফেন এজে, সানানরা ম্যাচের আগের দিন প্র্যাকটিস সেরে কলকাতায় পৌঁছাবেন। কোচ আওয়েন কোয়েল নিজেদের লুকিয়ে রাখতে চাইছেন। ইস্ট বেঙ্গলের মতো জামশেদপুরের মাঝমাঠও বেশ গোছানো। সেক্ষেত্রে লাল-হলুদের ড্যানিশ ফুটবলার অ্যান্টনের পারফরম্যান্সের দিকে নজর থাকবে। অনুশীলনে বেশ নজর কেড়েছেন বাঁ পায়ের এই ফুটবলার। জোরালো শট নিতে পারেন। তবে ম্যাচ টেম্পারামেন্ট একেবারেই আলাদা। সেক্ষেত্রে ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজি দলের বিরুদ্ধে অ্যান্টনের অ্যাসিড টেস্ট। এদিকে, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি বনাম ইন্টার কাশী ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। আর্থিক সমস্যায় একটা সময় আইএসএলে ওড়িশার অংশগ্রহণই ছিল অনিশ্চিত।



