সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর সুপার স্পেশালিটিকে জেলা হাসপাতালে উন্নীত করার দাবিতে সরব হলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এর আগে গঙ্গারামপুরে মেডিকেল কলেজ তৈরির দাবি জানিয়েছিলেন তিনি। বালুরঘাটে মেডিকেল কলেজের জন্য ডিপিআর তৈরির নির্দেশ রাজ্য থেকে আসতেই নতুন দাবি সত্যেন্দ্রনাথের গলায়। এক ভিডিও বার্তায় বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ জানান, তিনি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য ভবনে লিখিতভাবে দাবি জানিয়েছেন, যাতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নীত করা হয়। পাশাপাশি ৯০০ শয্যাবিশিষ্ট উন্নত চিকিৎসা পরিষেবা চালুর দাবিও তুলেছেন।বিধায়কের দাবি, দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর মহকুমা দীর্ঘদিন স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে উপেক্ষিত। গঙ্গারামপুরে জেলা হাসপাতাল গড়ে উঠলে শুধু দক্ষিণ দিনাজপুরই নয়, মালদহ ও উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকার মানুষও উন্নত স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন। বর্তমানে দূরত্বের কারণে প্রতিবেশী জেলা থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য গঙ্গারামপুরে আসেন। শনিবার বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য ভবনের কাছে গঙ্গারামপুরকে জেলা হাসপাতালে উন্নীত করার প্রস্তাব দিয়েছি। আশা করছি, সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তপন ও কুশমণ্ডি হাসপাতালের পরিকাঠামোরও উন্নয়ন প্রয়োজন। মেডিকেল কলেজ বালুরঘাটে হবে, তা আমরা মেনে নিয়েছি। তবে গঙ্গারামপুরে জেলা হাসপাতাল চাই। জেলায় দুটি সুপার স্পেশালিটি হাসপাতাল। সরকারি হিসেব অনুযায়ী, তারমধ্যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটিতেই প্রতিদিন গড়ে ১,৫০০ রোগী বহির্বিভাগে পরিষেবা নেন। প্রতিদিন গড়ে ২০০ জন রোগী ভর্তি হন। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি এবং মহকুমা হাসপাতাল মিলিয়ে বর্তমানে প্রায় ২৫০টি শয্যায় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। জেলা সদর বালুরঘাট থেকে গঙ্গারামপুরের দূরত্ব বেশি হওয়ায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের। তাই শুধু জেলা হাসপাতালে উন্নীত করাই নয়, জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও পরিকাঠামোগত উন্নয়নও জরুরি বলে মনে করছেন এলাকার মানুষ।


