


মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: বিধায়ক উন্নয়ন তহবিলের সমস্ত টাকা খরচ করেছেন ঠিকই, কিন্তু প্রতিশ্রুতি দিয়েও হেমতাবাদে কলেজ তৈরি করতে পারেননি বিধায়ক সত্যজিত্ বর্মন। বিদায়ী শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিত্ এবারও হেমতাবাদ থেকে প্রার্থী। প্রচারেও নেমেছেন। হয়তো ফের কলেজের দাবি শুনবেন ভোটারদের কাছে। এবার জয়ী হয়ে কলেজ তৈরির জন্য ফের সচেষ্ট হবেন বলে স্পষ্ট জানিয়েছেন সত্যজিত্।
তবে তাঁর বিধায়ক উন্নয়ন তহবিলে স্কুলের পরিকাঠামো উন্নয়ন,স্মার্ট ক্লাসরুম থেকে গ্রামের রাস্তা,আলোর ব্যবস্থা হয়েছে। দুটি স্বর্গরথ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন সত্যজিৎ। তিনি বলেন,আমার উদ্যোগে হেমতাবাদের হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নে প্রায় দেড় কোটি বরাদ্দ হয়েছে। আগামীতে আরো উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
যদিও বিজেপি নেতা বিপ্লব সরকার বলেন,বিধায়ক প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করেননি। কলেজ তৈরি করতে চেয়েছিলেন,করেননি। দমকল কেন্দ্রও হয়নি। জনসংযোগে বিধায়কের খামতি রয়েছে বলে জানিয়েছে সিপিএম। তাদের বক্তব্য, গত পাঁচ বছরে বিধায়ক কার্যালয় করতে পারেননি মন্ত্রী। যেখানে মানুষ গিয়ে সমস্যার কথা জানাবেন। সাধারণ মানুষ বিধায়কের কাছে যেতেই পারেন না। সিপিএম নেতা হান্নান আলি চৌধুরী জানিয়েছেন, মন্ত্রী শুধুই দলীয় কর্মসূচি করতে এলাকায় আসেন। প্রচুর গাড়ি নিয়ে এসে কর্মসূচি করে আবার চলে যান। সাধারণ মানুষের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।
বিধায়কের জবাব,আমার জনপ্রিয়তা আছে বলেই বিরোধীরা এমন মন্তব্য করে। প্রতিটি গ্রামে জনপ্রতিনিধি রয়েছেন। তাঁদের মাধ্যমে আবেদন পাঠালে আমি সাধ্যমতো কাজ করে দিই। সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানেও মানুষের সঙ্গে থাকি। সত্যজিত্ বলেছেন,কলেজ তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়ে রেখেছি। হেমতাবাদের চৈনগর সীমান্তে পুলিশ ফাঁড়ি করা হয়েছে। অনেক কাজ হয়েছে। সাধারণ মানুষ আমার কাজ দেখে এবারও ভোট দেবেন। যদিও বিধায়কের কাজ নিয়ে সন্তুষ্ট নয় কংগ্রেস। হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি তাজিমুদ্দিন তালুকদার বলেন, হেমতাবাদ হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত হয়নি। বাঙালবাড়ি হাসপাতাল বেহাল। নতুন বিল্ডিংয়ের প্রয়োজন। হেমতাবাদে জলনিকাশি ব্যবস্থাও উন্নত হয়নি। বিরোধীরা বলেছেন, বেশিরভাগ সময় এলাকায় থাকেন না বিধায়ক। জনসেবা বাদ দিয়ে বন্ধুবান্ধব নিয়ে ঘোরাফেরাতে ব্যস্ত থাকেন তিনি।
যদিও বিরোধীদের বক্তব্যকে পাত্তা দিতে নারাজ সত্যজিত্। আত্মবিশ্বাসী বিদায়ী মন্ত্রী বলেন, গ্রামের সাধারণ মানুষ জানেন, কতটা উন্নয়ন হয়েছে। বিরোধীদের মন্তব্যে আমার উন্নয়ন থামবে না।
• সত্যজিৎ বর্মন। - নিজস্ব চিত্র।