হরিদ্বার: ২০২৭ সালের শুরুতেই অর্ধকুম্ভ। তার আগে হরিদ্বারের সমস্ত সাইনবোর্ড, তথ্যফলকে বাধ্যতামূলকভাবে সংস্কৃত রাখার নিয়ম জারি হচ্ছে। প্রয়োজন অনুযায়ী হিন্দি, ইংরেজিতে তথ্য দেওয়া যেতে পারে। তবে সংস্কৃত হরফ আবশ্যক। বৃহস্পতিবার এক বৈঠকে এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন ও কুম্ভ মেলা কর্তৃপক্ষ। সরকারি সাইনবোর্ডের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার নির্দেশক বোর্ড, ট্রাফিক চিহ্ন, জাতীয় সড়কের তথ্যফলক এবং সরকারি আধিকারিকদের নামফলকেও সংস্কৃত ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। প্রশাসনের দাবি, সংস্কৃত উত্তরাখণ্ডের দ্বিতীয় সরকারি ভাষা। এবং হরিদ্বার সংস্কৃত শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র। তাই অর্ধকুম্ভের মতো মেলার আগে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। হরিদ্বারের মুখ্য উন্নয়ন আধিকারিক (সিডিও) ললিত নারায়ণ মিশ্র বলেন, ‘এই উদ্যোগ সংস্কৃত ভাষার প্রসারে সহায়ক হবে এবং শহরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করবে।’ ভাষাগত শুদ্ধতা বজায় রাখতে এবং ব্যাকরণগত ভুল এড়াতে জেলা প্রশাসন দুই জন সংস্কৃত বিশেষজ্ঞকে নিয়োগ করেছে। প্রকল্পের নোডাল অফিসার হিসাবে রয়েছেন হরিদ্বারের জয় ভারত সাধু সংস্কৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।



