Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সঞ্জুর ব্যাটে ব্রিটিশ বধ, ফাইনালে ভারত

চার দশক লাগল ঠিকই। তবে প্রতিশোধটা জবরদস্ত হল। এই ওয়াংখেড়েতেই ১৯৮৭-র ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে হেরেছিল কপিল ব্রিগেড

সঞ্জুর ব্যাটে ব্রিটিশ বধ, ফাইনালে ভারত
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌরাংশু দেবনাথ, মুম্বই: চার দশক লাগল ঠিকই। তবে প্রতিশোধটা জবরদস্ত হল। এই ওয়াংখেড়েতেই ১৯৮৭-র ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে হেরেছিল কপিল ব্রিগেড। বৃহস্পতিবার সেটাই সুদে-আসলে হ্যারি ব্রুকদের ফিরিয়ে দিলেন সূর্যরা। দুশো বছরের অত্যাচারী শাসকদের বিরুদ্ধে এল ৭ রানের জয়। ভারতের ২৫৩/৭-এর জবাবে ইংল্যান্ড থামল ৭ উইকেটে ২৪৬ রানে। তবে জেকব বেথেলের দুরন্ত সেঞ্চুরি ফাইনালের আগে বোলিং নিয়ে চিন্তা বাড়াল কোচ গম্ভীরের। রবিবার মোতেরায় খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রথম দল হিসেবে পরপর দু’বার টি-২০ বিশ্বকাপের কাপ জিতে ইতিহাস গড়ার হাতছানি সূর্যকুমারদের সামনে। 

Advertisement

মেরিন ড্রাইভে উৎসবটা শুরু হয়েছিল দুপুরেই। জাতীয় পতাকা হাতে ঢাক-ঢোল বাজিয়ে চলছিল নাচাগানা। ‘চক দে ইন্ডিয়া, দেবা দেবা’ সুরে মাতল স্টেডিয়াম। ভিআইপি বক্সও ব্যতিক্রম নয়। হাততালি দিতে দিতে লাফিয়ে উঠলেন অনিল কাপুর। ছোট্ট মেয়েকে নিয়ে হাজির রণবীর কাপুর, আলিয়া ভাট। প্রেসবক্সে আবার ম্যাচের আগে হলুদ রংয়ের প্যাড়া বিতরণ হল। সিদ্ধি বিনায়ক মন্দিরের প্রসাদ কি? জানা গেল, ছেলে অর্জুনের বিয়ে উপলক্ষ্যে সাংবাদিকদের মিষ্টি পাঠিয়েছেন শচীন তেন্ডুলকর। ম্যাচটার পরিসমাপ্তিও ঘটল মধুর আমেজে। 
সঞ্জু শুরু করেছিলেন ইডেনের সেই সংহারমূর্তিতেই। বলা হচ্ছিল, জোফ্রা আর্চারের সঙ্গে তাঁর দ্বৈরথ নাকি গড়ে দেবে ম্যাচের ভবিষ্যৎ। কীসের মোকাবিলা, সঞ্জু বিধ্বংসী শটের ফুলঝুরিতে নক-আউটই করে দিলেন তাঁকে। নন্দনকাননে অপরাজিত ৯৭ রানের পর আরও একবার তিনি জয়ের কারিগর। বিশ্বাস করা কঠিন, তিন ম্যাচ আগেও এগারোয় ছিলেন না এই কেরালাইট! অভিষেক শর্মা অবশ্য ফের অফ স্পিনের শিকার। কী যে হল তাঁর! সঞ্জু অবশ্য ঢেকে দিলেন সঙ্গীর ব্যর্থতা। ১৫ রানে একটাই সহজ সুযোগ দিয়েছিলেন। তা ফেলার আপশোস হ্যারি ব্রুককে নির্ঘাত তাড়া করবে। আক্ষেপ অবশ্য সঞ্জুরও থাকা উচিত। পরপর দুটো হাই-ভোল্টেজ ম্যাচে শতরানের কাছে গিয়েও তিন অংকের ঘরে পৌঁছানো হল না। ৪২ বলে ৮টি চার, ৭টি ছক্কায় সাজানো ৮৯ করে ফেরার সময় সঞ্জুকে জড়িয়ে ধরলেন সূর্যকুমার। তাঁর তাণ্ডবই যে ফাইনালের রাস্তা গড়ে দিল। যোগ্য সঙ্গতে রইলেন শিবম দুবে (২৫ বলে ৪৩), ঈশান কিষান (১৮ বলে ৩৯), হার্দিক পান্ডিয়া (১২ বলে ২৭)। 
২৫৪ টার্গেট তাড়া করতে হলে শুরুতেই ঝড় তোলা জরুরি। সঙ্গীরা খুব একটা সুবিধা করতে না পারলেও জেকব বেথেল লড়াই চালাচ্ছিলেন। মিডল ওভারে উইল জ্যাকস তাঁকে কিছুটা সঙ্গ দেন। কিন্তু ৩৫ রানে জ্যাকস ফিরতেই ম্যাচের ভবিতব্য নিশ্চিত হয়ে যায়। তবুও হাল ছাড়েননি বেথেল। একা কুম্ভ হয়ে কাঁদিয়ে ছাড়লেন ভারতীয় বোলারদের। শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৫ রানে তিনি রান আউট হতে হাঁফ ছেড়ে বাঁচে টিম ইন্ডিয়া। তবে বরুণ চক্রবর্তীকে নিয়ে চিন্তা থাকলই। চার ওভারে দিলেন ৬৪। রহস্য উধাও, জয়ের সৌরভেও বরুণ কাঁটা হয়েই বিঁধলেন!

Advertisement
সম্পর্কিত সংবাদ