Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউ ইয়র্কে উদার হিন্দুত্বের বার্তা সংঘ প্রধান ভাগবতের

বিদেশের মাটিতে দাঁড়িয়ে উদার হিন্দুত্বের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর সাফ কথা, ‘হিন্দু ধর্ম মানবজাতির ঐক্যে বিশ্বাস করে। যদি কোনো হিন্দু মনে করেন যে ভারতে মুসলমানদের থাকা উচিত নয়, তবে তিনি হিন্দু নন।’

নিউ ইয়র্কে উদার হিন্দুত্বের বার্তা সংঘ প্রধান ভাগবতের
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: বিদেশের মাটিতে দাঁড়িয়ে উদার হিন্দুত্বের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর সাফ কথা, ‘হিন্দু ধর্ম মানবজাতির ঐক্যে বিশ্বাস করে। যদি কোনো হিন্দু মনে করেন যে ভারতে মুসলমানদের থাকা উচিত নয়, তবে তিনি হিন্দু নন।’ শনিবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ইনফোসিস থিয়েটারে ‘ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হিউম্যানিটি’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবত। সেই মঞ্চ থেকেই উদারতার বার্তা দেন তিনি। বলেন, ‘ধর্মগুলি ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করতেই পারে। তবে মানবতা ও সত্য একই থাকে।’ তাঁর কথায়, ‘যদি আপনি নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে চান, তবে আপনাকে বিশ্বাস করতে হবে যে সব পথ একই গন্তব্যের দিকে যায়। প্রত্যেক মানুষের মধ্যে আত্মমর্যাদা আছে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।’ 

Advertisement

মার্কিন সংস্থা আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগের (অ্যাহেড) এই অনুষ্ঠান ঘিরে আমেরিকায় বিতর্ক ছিল যথেষ্ট। আরএসএসের উপর নিষেধাজ্ঞা জারির দাবিতে সরব হয় সে দেশের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক উপদেষ্টা কমিশনের (ইউএসসিআইআরএফ) একাধিক সদস্য। শুধু তাই নয়, ভাগবতের অনুষ্ঠানে সৌজন্য দেখিয়ে যাতে কোনো মার্কিন কর্তাব্যক্তি হাজির না থাকেন, তারও আরজি জানানো হয়। এই প্রেক্ষিতে মার্কিন মুলুকে ভাগবতের অনুষ্ঠানের দিকে নজর ছিল সকলের। ইনফোসিস থিয়েটারে এদিন ভাগবতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ হাজারেরও বেশি ভারতীয়-আমেরিকান। 
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ধর্মীয় বৈচিত্র রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার কথা বলেন তিনি। ভাগবতের মতে, বৈচিত্র রক্ষা করতে হবে। কারণ, এটা প্রকৃতির নিয়ম এবং সার্বজনীন সত্য। তাঁর কথায়, ‘আমি আপনাদের মতো ধর্মীয় পণ্ডিত বা ধর্মীয় কর্তৃপক্ষ নই। কিন্তু এমন একটি সমাজে বাস করি যেখানে প্রচলিত ধারণা হল — ধর্ম ভিন্ন হতে পারে। তবে মানবতা এক। সত্য এক। সেই মানবতা সত্যেরই ফসল।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ