


সংবাদদাতা, পুরাতন মালদহ: রাতের অন্ধকারে ট্রাক্টর এবং আর্থমুভার দিয়ে অবৈধভাবে দেদার বালি তোলার অভিযোগ উঠছে। মালদহের গাজোলের আলাল গ্রাম পঞ্চায়েতের কদমতলি মল্লিকপুরে মহানন্দা নদী থেকে স্থানীয় সড়ক ধরে চাঁচল এবং রায়গঞ্জের দিকে বালি নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি বাসিন্দাদের। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিসের দাবি, অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই অভিযান করা হয়। পাচারকারীরা চম্পট দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে নদী সংলগ্ন গ্রামের বাসিন্দারা জানান, নদীর জল কম। কিছুদিন ধরে নদীর ধার থেকে মাঝে মধ্যেই বালি তোলা হচ্ছে। রাত ৮ টার পর থেকে গভীর রাত পর্যন্ত বালি পাচার চলে। আগেও অনেকটা গর্ত করে বালি তোলায় বর্ষায় এক নাবালক স্নান করতে গিয়ে মহানন্দায় তলিয়ে গিয়েছিল। ডুবুরি নামিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। কয়েক মাস পর জল শুকিয়ে গেলে দেখা যায়, গর্তে দেহ পড়ে রয়েছে। অবৈজ্ঞানিকভাবে বালি তোলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ জেলা সহ সম্পাদক সুতীর্থ নন্দী বলেন, নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। গতিপথ বদলে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। গর্তে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। জেলাশাসক সহ স্থানীয় বিডিওকে অভিযোগ জানাব।
গাজোল ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ রায় বলেন, বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ আসছিল। তারপরেই আমরা থানায় অভিযোগ জানিয়েছিলাম। পুলিস অভিযানে গেলেও কাউকে পায়নি। বুধবার সকালে আমি পরিদর্শনে গিয়েও কাউকে দেখিনি। আর যাতে বালি পাচার না হয়, সেজন্য নজরদারি চলছে।
গাজোল থানার পুলিস জানিয়েছে, রাতে পুলিসের গাড়ি দেখেই পাচারকারীরা চম্পট দেয়। একটি ট্রাক্টর আটক করা হয়েছে।