Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সমীর রিজভি ফের জেতালেন দিল্লিকে

বছর দুয়েক আগের নিলামে অনামী সমীর রিজভিকে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনে চমকে দিয়েছিল চেন্নাই সুপার কিংস।

সমীর রিজভি ফের জেতালেন দিল্লিকে
  • ৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বছর দুয়েক আগের নিলামে অনামী সমীর রিজভিকে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনে চমকে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু আট ইনিংসে ৫১ রানের পর তাঁকে ছেড়ে দেয় তারা। গত আইপিএলের আগে মাত্র ৯৫ লক্ষ টাকায় রিজভিকে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। অবশেষে তার সুফল মিলছে এবার। পরপর দুই ম্যাচে দিল্লিকে জেতালেন ২২ বছর বয়সি ব্যাটার। লখনউয়ের বিরুদ্ধে অপরাজিত ৭০ রানের পর শনিবার কোটলায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এল ম্যাচ জেতানো ৯০। কোটিপতি লিগের মঞ্চে ডানা মেলল আরও এক তরুণ প্রতিভা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা রিজভির দাপটেই বশ মানল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই। তারকায় ভরা নীতা আম্বানীর দলের বিরুদ্ধে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল দিল্লি। ১৮.১ ওভারেই লক্ষ্যে পৌঁছল অক্ষর প্যাটেলের দল (১৬৪-৪)। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তাদের। অন্যদিকে, নাইটদের বিরুদ্ধে দাপুটে জয়ের পরেই বড় ধাক্কা খেল মুম্বই। হার্দিক পান্ডিয়া অসুস্থতার জন্য খেলেননি। পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে তিনি করলেন ৩৬ বলে ৫১। তা সত্ত্বেও ৬ উইকেটে ১৬২ রানের বেশি তুলতে পারেনি তাঁর দল। রোহিত শর্মা (৩৫), নমন ধীর (২৮) সেট হয়েও বড় রান পেলেন না। দিল্লির সফলতম বোলার মুকেশ কুমার (২-২৬)।

Advertisement

রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি দিল্লি ক্যাপিটালসের। লোকেশ রাহুল (১), নীতীশ রানা (০) দ্রুত ফেরেন। চাপ কাটান পাথুম নিশাঙ্কা (৪৪)। এরপর পুরোটাই রিজভি শো। ৫১ বলে সাতটি ছয় ও সাতটি চার মারেন তিনি। গত মরশুমে দিল্লির শেষ খেলায়ও হয়েছিলেন ম্যাচের সেরা। সেদিক থেকে দেখলে, এই নিয়ে আইপিএলে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর হ্যাটট্রিক করলেন রিজভি।

Advertisement
সম্পর্কিত সংবাদ