Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে সাম্বা-জ্বর, ব্রাজিল ম্যাচ দেখতে কেউ কলকাতার পথে, টিকিট না পেয়ে কারও ভরসা জায়ান্ট স্ক্রিন

মাঠের এক প্রান্ত ধরে উঠে আসছেন ভিনিসিয়াস। তাঁকে ধাওয়া করছেন আনোয়ার আলি। কিংবা, এনড্রিকের জোরালো শট ঝাঁপিয়ে পড়ে সেভ করছেন গুরপ্রীত সিং সান্ধু।

বালুরঘাটে সাম্বা-জ্বর, ব্রাজিল ম্যাচ দেখতে কেউ কলকাতার পথে, টিকিট না পেয়ে কারও ভরসা জায়ান্ট স্ক্রিন
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হিলি: মাঠের এক প্রান্ত ধরে উঠে আসছেন ভিনিসিয়াস। তাঁকে ধাওয়া করছেন আনোয়ার আলি। কিংবা, এনড্রিকের জোরালো শট ঝাঁপিয়ে পড়ে সেভ করছেন গুরপ্রীত সিং সান্ধু। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে ভারতীয় দল। মাসখানেক আগেও তা ছিল স্বপ্ন। কিন্তু, রাত পোহালেই শনিবার সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে সেলেকাওদের মুখোমুখি হতে চলেছে ব্লু টাইগার্সরা। যতই হোক না ফ্রেন্ডলি ম্যাচ, বিপক্ষ টিমটার নাম তো ব্রাজিল। পেলে, জিকো, কাফু, রোনাল্ডো, রোনাল্ডিনহোদের সাম্বা জাদুতে সেই কতকাল ধরে মোহিত সমগ্র ভারতভূম। তাই এই ঐতিহাসিক ম্যাচ নিয়ে যতটা ভারতীয় ফুটবলের মক্কা কলকাতার মানুষজন উত্তেজিত, ততটাই উত্তেজিত বাংলার অন্য জেলার বাসিন্দারাও। 

Advertisement

সেই ব্রাজিল-জ্বরে সংক্রামিত বালুরঘাটও। প্রিয় দল ও তারকাদের খেলা সরাসরি মাঠে বসে দেখতে ফুটবল প্রেমীদের একাংশ ইতিমধ্যেই কলকাতামুখী হয়েছেন। ম্যাচ দেখতে শহরের ফুটবল কোচিং ক্যাম্পের শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি শহরে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ভারত ব্রাজিলের হাই ভোল্টেজ ম্যাচ দেখানোর ব্যবস্থা করেছে জেলা ক্রীড়া সংস্থা ।
তবে ম্যাচের টিকিট না পাওয়ার আক্ষেপও রয়েছে। অল্প দামের টিকিট সেই কবে শেষ। তাই সাধ থাকলেও সাধ্যের বাইরে পড়ে থাকা দামি টিকিটগুলি। অনেকে আবার চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারেননি। তাঁদের গলায় আফসোসের সুর। চেষ্টা করেও শেষ পর্যন্ত টিকিট জোগাড় করতে পারেননি স্থানীয় ফুটবল কোচ শুভজিৎ দাস। তিনি বলেন, টিকিট পেলে অবশ্যই কলকাতায় খেলা দেখতে যেতাম। জেলাগুলিতে ফুটবল প্রেমীদের জন্য কিছু টিকিটের ব্যবস্থা থাকলে ভালো হত। 
সেক্ষেত্রে  ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট জোগাড় করে নিয়ে খেলা দেখতে যাচ্ছেন শহরের নেপালি পাড়ার বাসিন্দা ভাস্কর সরকার। তিনি বলেন, এত বড়ো ম্যাচ, বিশেষ করে ব্রাজিলের মতো দলের খেলা দেখার সুযোগ তো সহজে হয় না।  প্রায় দু’মাস আগে থেকে ম্যাচ দেখার জন্য পরিকল্পনা নিয়েছি। কলকাতার এক বন্ধু টিকিটের ব্যবস্থা করে দিয়েছে। ম্যাচের একদিন আগেই কলকাতায় পৌঁছব।
এদিকে,খেলা দেখতে টিকিটের জন্য জেলা ফুটবলপ্রেমীদের একাংশ জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব অরিন্দম চন্দ বলেন, জেলায়  ফুটবলপ্রেমীদের মধ্যে ম্যাচ নিয়ে বিশেষ উৎসাহ তৈরি হয়েছে। অনেকে তাদের কাছে খেলা দেখার জন্য টিকিটের খোঁজ করছেন। আমাদের কাছে টিকিট না পেলেও ফুটবল প্রেমীরা নিজেদের মতো করে টিকিট জোগাড় করে নিয়েছেন। ফুটবল উন্মাদনাকে সামনে রেখে ওই দিন আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শহরে জায়ান্ট স্ক্রিনে সরাসরি ম্যাচ দেখানোর পরিকল্পনা নিয়েছি। 
শহরের ফুটবল কোচিং ক্যাম্প সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পের খুদে ফুটবলারদের টিভিতে ব্রাজিল ভারতের ফুটবল ম্যাচ দেখার জন্য উৎসাহিত করা হচ্ছে। এনিয়ে শহরের ফুটবল কোচিং ক্যাম্পের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্রাজিল বনাম ভারতের ম্যাচ নিয়ে বিশেষ উন্মাদনা তৈরি হয়েছে। বালুরঘাট ফুটবল একাডেমির দুই ফুটবল শিক্ষার্থী সুপ্রতীক সরকার, অর্কজ্যোতি চক্রবর্তী জানান, তাঁরা ওই দিন  বাড়িতে টেলিভিশনে খেলা দেখবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ