অলকাভ নিয়োগী, বিধাননগর: তখনও বিকেলের আলো যায়নি। সন্ধ্যা সবে নামতে শুরু করেছে। ধীরে উজ্জ্বল হচ্ছে রাস্তার আলোকসজ্জা। এক হাতে প্রিয়জনের হাত, অন্য হাতে মোবাইল। ক্যামেরা অন। হাঁটতে হাঁটতে ভিডিয়োতে বন্দি করা হচ্ছে মুহূর্ত, মণ্ডপ হপিংয়ের রিলস তৈরি চলছে। মণ্ডপে কালো মাথার মিছিল। বিকেলের ভিড় সন্ধ্যায় স্রোতে পরিণত হয়ে হল জনপ্লাবন। সল্টলেক থেকে লেকটাউন, নিউটাউন থেকে কেষ্টপুর, সর্বত্রই ঠাকুর দেখার আনন্দ, উচ্ছ্বাস। ক্লান্তিহীন সফর। কোথাও দীর্ঘ লাইন, কোথাও তিল ধরার জায়গা নেই। তাতে কি? উৎসব প্রিয় বাঙালিকে কি ভিড় দিয়ে আটকে রাখা সম্ভব? বরং বলা উচিত, ভিড় টানার জন্যই তো এত বিপুল আয়োজন। সংবাদপত্র পড়ে, টিভি দেখে, রিলস দেখে দর্শনার্থীরা এতক্ষণে জেনে ফেলেছেন কোন মণ্ডপ কী থিম বানিয়েছে। বেশিরভাগ মানুষেরই গন্তব্য সেসব দিকে। সল্টলেকের এফ ডি ব্লকের মণ্ডপে বিকেল থেকেই উপচে পড়া ভিড়। ‘নকশি কণার মাঠ’ থিমে সেজে উঠেছে। মধ্যপ্রদেশের গোন্ড আর্টের থ্রিডি ইনস্টলেশন। দর্শনার্থীদের বাড়তি পাওয়া বিশাল মাঠ। মণ্ডপের পাশেই মেলা।
ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতার উপর ভিত্তি করে সেজে উঠেছে সল্টলেক এ কে ব্লকের পুজো। মূল চমক মণ্ডপে ১৬০০ বর্গফুটের বিশাল অন্নপূর্ণা হাঁড়ি। থিমের নাম ‘অন্য কথা, অন্নের কথা’। ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ এই ভাবনাতেই সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। সল্টলেকের বি সি ব্লকের পুজো এবার ৫০ বছরে পা দিয়েছে। নজর কেড়েছে জিয়নকাঠি থিম।
সুজিত বসু না থাকলেও ভিড় টানছে শ্রীভূমি। জয়পুরের হাওয়া মহল থিমে সেজে উঠেছে মণ্ডপ। গতবছর পর্যন্ত শ্রীভূমির দর্শনার্থীরা সল্টলেকের খালপাড়ে গাড়ি রেখে ঠাকুর দেখতে যেতেন। এবার দু’টি বেইলি ব্রিজের গাড়ি চাপ সামলানোর জন্য রাস্তার ধারে গাড়ি রাখা মুশকিল। কোথায় গাড়ি রাখবেন, তা নিয়ে অনেকে খালপাড়ে চড়কি কেটেছেন। নিউটাউন সর্বজনীনের পদ্ম-ভূষণ থিমও নজর কেড়েছে। একইসঙ্গে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে নিউটাউনের সনাতনী দুর্গাপুজোতে। সনাতন থেকে বিজ্ঞান, অভিনব থিমে সেজে উঠেছে মণ্ডপ। ভিড় নিয়ন্ত্রণে বাড়তি নজর পুলিশের। কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের পুজোর ভাবনা এবার সম্পূর্ণ অন্যরকম। ছত্তিশগড়ের প্রত্যন্ত এলাকার রামনামি সম্প্রদায়কে নিয়ে সেজে উঠেছে তাদের পুজোর থিম। যাঁদের পায়ের পাতা থেকে মাথা, এমনকী, জিভের উপরও উল্কিতে লেখা রাম নাম। তাঁদের দেখতে এবং অন্যরকম থিম দেখতে কাতারে কাতারে দর্শনার্থী আসছেন। রামনামি সম্প্রদায়ের মানুষরা মণ্ডপে উপস্থিত। তাঁরাও বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সাক্ষী থাকলেন এ বছর। শ্রীভূমিতে ভিড়।-নিজস্ব চিত্র



