Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে সুজিত বসুর শেষ নির্বাচনি প্রচারে উঠল ঝড়, রাস্তাজুড়ে জনসুনামি

এ যেন দুর্গাপুজোর মহাষ্টমী। ঠাকুর দেখার সুদূর লাইন! রাস্তার দু’ধারে কাতারে কাতারে মহিলা। পরনে শাড়ি। হাতে ফুল। কারও হাতে শঙ্খ। রাস্তায় মৃদঙ্গ বাজাতে বাজাতে এগিয়ে চলেছেন একঝাঁক শিল্পী।

সল্টলেকে সুজিত বসুর শেষ নির্বাচনি প্রচারে উঠল ঝড়, রাস্তাজুড়ে জনসুনামি
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এ যেন দুর্গাপুজোর মহাষ্টমী। ঠাকুর দেখার সুদূর লাইন! রাস্তার দু’ধারে কাতারে কাতারে মহিলা। পরনে শাড়ি। হাতে ফুল। কারও হাতে শঙ্খ। রাস্তায় মৃদঙ্গ বাজাতে বাজাতে এগিয়ে চলেছেন একঝাঁক শিল্পী। পিছনে হাজার হাজার কর্মী। তাঁদের মুখে মুখে স্লোগান, ‘বিধাননগর বলছে, সুজিত বসু জিতছে’। হুডখোলা জিপে এগিয়ে আসছেন বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। সেই জিপের চারপাশে শুধু কালো মাথার ভিড়। প্রার্থীর হাতে মাইক্রোফোন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মহিলাদের উদ্দেশে বললেন, প্রণাম নেবেন। আমাকে আশীর্বাদ করুন। মহিলারা তখন তাঁর দিকে ছুড়ছেন ফুল। শঙ্খের সঙ্গে উলুধ্বনি। কেউ এসে পরিয়ে দিচ্ছেন ফুলের মালা। সোমবার বিকেলে সুজিতের শেষ প্রচারে ঝড় উঠল সল্টলেকে। হাজার হাজার কর্মী ও সমর্থকদের ভিড়ে রাস্তাজুড়ে বয়ে গিয়েছে জনসুনামি।

Advertisement

সল্টলেকে পরপর একাধিক নির্বাচনি মিছিল করেছেন সুজিত বসু। প্রতিটি মিছিলে জনপ্লাবন দেখা গিয়েছে। সোমবার ছিল প্রচারের শেষ দিন। সেই মিছিল যেন প্লাবন ছাড়িয়ে সুনামিতে পরিণত হয়েছে। বিকেলে সি এ ব্লক আইল্যান্ড থেকে মিছিল শুরু হয়। ইএম বাইপাস, দত্তাবাদ ঘুরে কাদাপাড়া মোড় হয়ে পূর্বাচলের দিকে গিয়ে শেষ হয় মিছিল। নজরকাড়া উপস্থিত ছিল মহিলাদের। এদিন রাজারহাট-নিউটাউনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনি সভা করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সাংসদ জুন মালিয়া। তাঁর নির্বাচনি প্রচারেও ভিড় উপচে পড়ে। প্রসঙ্গত, দুই কর্মীকে আটক করায় এদিন ভোরে নারায়ণপুর থানায় উত্তেজনা ছড়ায়। থানায় গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। নারায়ণপুর থানার একাংশ পুলিশ বিজেপির দালালি করছে বলে অভিযোগ তোলেন তিনি।
জনসংযোগের মাধ্যমে এদিন প্রচার সারেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি। তাঁকে ফুল ও চন্দন দিয়ে স্বাগত জানান এলাকার মানুষ। সেলিব্রেটি প্রার্থীর সঙ্গে সেলফি তুলতেও ভিড় জমে যায়। এদিন সকালে রোড শো করেন বিধাননগরের সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা। জমিয়ে প্রচার সারেন রাজারহাট-নিউটাউনের সিপিএম প্রার্থী সপ্তর্ষি দেব এবং রাজারহাট-গোপালপুরের সিপিএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত। একইভাবে এদিন শেষ প্রচার করেন বিধাননগরের বিজেপি প্রার্থী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়, রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী পিযূষ কানোড়িয়া এবং রাজারহাট-গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তেওয়ারিও। স্থানীয় বাসিন্দাদের কথায়, ভিড়ের নিরিখে শেষ প্রচারে ঝড় তুলেছেন তৃণমূলই।

সম্পর্কিত সংবাদ