মুম্বই: বাস্তবে কোনো অস্তিত্ব নেই। শুধু খাতায়-কলমেই কাজ করেন তাঁরা। এমন ১০ জন ‘ভূতুড়ে কর্মী’র সন্ধান মিলেছে মুম্বই পুলিশে। এঁদের পিছনে মাস মাইনে, ভাতা, পুরানো এরিয়ার বাবদ সরকারের ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা। ঘটনা সামনে আসতেই দু’জনকে সাসপেন্ড করেছে মুম্বই পুলিশ। সম্প্রতি কর্মীদের পুরানো স্যালারি পোর্টাল ‘সেবার্ত’ বদলে নতুন সফটওয়ারে তথ্য তোলার কাজ শুরু হয়েছে। সেই কাজ করতে গিয়েই ছ’বছর আগের এই বিরাট গরমিল সামনে এসেছে। এরপরেই মুম্বই পুলিশের নর্থ রিজিওনাল ডিভিশনের পক্ষ থেকে ১০ জন ‘ভুয়ো কর্মী’র মাইনে নেওয়া নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি এবং ২০২০ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুই দফায় ১০ জনের নামে টাকা তোলা হয়েছে। এখানেই শেষ নয়। দপ্তরের কর্মীদের যোগসাজশে ভুয়ো উপস্থিতির রেজিস্টার বানানো এবং অস্তিত্বহীন কর্মীদের নথিপত্র তৈরি করা হয়েছে বলেও অভিযোগ। এই কর্মীরাই ‘ভূতুড়ে কর্মীদের’ মাস মাইনের তালিকায় যুক্ত করেছেন।



