নয়াদিল্লি: ভারতীয় শিবিরে ফের ধাক্কা! যশপ্রীত বুমরাহর পর শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ থেকে চোটের জন্য ছিটকে গেলেন সাই সুদর্শনও। জুলাইয়ে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে এসেছিলেন তিনি। তখনই পায়ের বুড়ো আঙুলে চোট পান। সেটাই কাল হল। শনিবার বিসিসিআই এক বিবৃতিতে জানায় যে, টেস্ট ক্রিকেট খেলার মতো জায়গায় এখনও নেই সুদর্শন। তবে তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষিত হয়নি। হাওয়ায় ভাসছে সরফরাজ খানের নাম। তবে তাঁর ব্যাপারে কোচিং স্টাফ ও নির্বাচকমণ্ডলীর একাংশের আপত্তি রয়েছে। প্রথম এগারোয় তিন নম্বরে সুদর্শনের জায়গায় অবশ্য দেবদূত পাদিক্কালের খেলা নিশ্চিত। এদিনই প্রস্তুতি ম্যাচে শতরান হাঁকিয়েছেন কর্ণাটকি ব্যাটার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরাহ, সুদর্শন ছাড়াও বেশ কয়েকজনকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। এই তালিকায় আছেন হর্ষিত রানা (হ্যামস্ট্রিংয়ের সমস্যা), নীতীশ রেড্ডি (হ্যামস্ট্রিংয়ের সমস্যা), ওয়াশিংটন সুন্দর (কোয়াড্রিসেপসের সমস্যা)। এছাড়া আকাশদীপও লম্বা সময় ধরে রয়েছেন মাঠের বাইরে। এঁদের মধ্যে বুমরাহ ও সুদর্শনকে টেস্ট স্কোয়াডে শর্তসাপেক্ষে রাখা হয়েছিল। কিন্তু সেন্টার অব এক্সেলেন্সের বিশেষজ্ঞরা ঝুঁকি নিতে নারাজ। তাড়াহুড়ো করতে চাইছে না তারা। সাদা বলের ক্রিকেটেও চোট পাওয়া খেলোয়াড়ের সংখ্যা কম নয়। হার্দিক পান্ডিয়া ভুগছেন কোয়াড্রিসেপসের সমস্যায়। বরুণ চক্রবর্তী ও প্রিন্স যাদবের সমস্যা আবার হ্যামস্ট্রিংয়ে।
সাম্প্রতিক সময়ে এত চোট-আঘাত নিয়ে রীতিমতো চিন্তিত বিসিসিআই। উদ্বিগ্ন সচিব দেবজিৎ সাইকিয়া রবিবার বেঙ্গালুরুতে পৌঁছেছেন সেন্টার অব এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বৈঠকে বসবেন বলে। ক্রিকেটারদের এত চোট কেন লাগছে, রিহ্যাব প্রোগ্রামই বা কেমন হচ্ছে, সে সব ব্যাপারে খোঁজখবর নেবেন বোর্ড সচিব। আবার পুরো সুস্থ হওয়ার আগেই কিছু ক্রিকেটারকে ফিট ঘোষণা করা নিয়েও অসন্তুষ্ট বোর্ড।
এই বিষয়েও কথা হবে। তবে অনলাইনে কোচ গৌতম গম্ভীর বা নির্বাচকপ্রধান অজিত আগরকর আলোচনায় যোগ দেবেন কিনা, তা স্পষ্ট নয়।