Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে খুলল ‘সহজ’ পোর্টাল, পুজোর অনুমতি পেতে আবেদন করার হিড়িক

দুর্গাপুজোর অনুমতির জন্য খুলেছে ‹সহজ› পোর্টাল। সোমবার থেকে সেখানে আবেদন শুরু হয়েছে

আরামবাগে খুলল ‘সহজ’ পোর্টাল, পুজোর অনুমতি পেতে আবেদন করার হিড়িক
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দুর্গাপুজোর অনুমতির জন্য খুলেছে ‹সহজ› পোর্টাল। সোমবার থেকে সেখানে আবেদন শুরু হয়েছে। তারপরই অনুমতি পেতে লাইন লাগিয়েছে পুজো কমিটিগুলি। আরামবাগ মহকুমার পুজো উদ্যোক্তারা ইতিমধ্যেই আবেদন করতে শুরু করেছে। ওই পোর্টালে অনুমতি নেওয়ার পরই মিলবে পুজো পরিচালনায় রাজ্যের সহায়তার অনুদান। তাই দেরি না করে উদ্যোক্তারা আবেদন করতে শুরু করেছেন। মঙ্গলবার পর্যন্ত অনলাইনে পুজোর আবেদনে শীর্ষে রয়েছে গোঘাট থানা। ইতিমধ্যেই থানা পিছু একজন করে নোডাল অফিসার মোতায়েন করেছে পুলিশ। তিনি নজরদারি চালাচ্ছেন আবেদন পত্রগুলির। পাশাপাশি দ্রুত যাতে উদ্যোক্তারা অনুমতি নেন সেই ব্যাপারেও সচেতন করছেন। কারও বুঝতে অসুবিধা হলে সহযোগিতা করা হচ্ছে। 

Advertisement

হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর পর্যন্ত গোঘাট থানায় ২৭ আবেদন জমা পড়েছে। অনলাইনে আরামবাগ থানায় আবেদন এসেছে ২২। খানাকুল থানার বিভিন্ন এলাকা থেকে ২৪ আবেদন জমা পড়েছে সহজ পোর্টালে। এছাড়া পুরশুড়া থানায় আবেদন এসেছে ১৭। বিগত বছরের প্রশাসনিক অনুমোদন সহ নানা অনুমতি পত্র পোর্টালে আপলোড করতে হচ্ছে উদ্যোক্তারা। 
হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক বলেন, ইতিমধ্যেই পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। তাতে তাঁদের অনুমতি সংক্রান্ত বিষয়ে জানানো হয়েছে। তারপর সোমবার থেকে পোর্টাল খোলায় সেই ব্যাপারেও সচেতন করা হচ্ছে। পোর্টালে আবেদনের ভিত্তিতে সব নথি খতিয়ে দেখে পুজো করার চূড়ান্ত অনুমতি দেবে প্রশাসন। 
আরামবাগের বিদ্যাসাগর পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক মানসী সাঁতরা বলেন, পুজোর প্রশাসনিক অনুমতি পেতে এদিনই অনলাইনে ফর্ম পূরণ করেছি। নির্দেশমতো ডকুমেন্ট আপলোডও করা হয়েছে। আশা করি আমরা রাজ্যের অনুদান পেয়ে পুজো পরিচালনা করতে পারব। বিগত দিনেও আমরা অনুদান পেয়েছি। 
আরামবাগের মানিক সংঘ পুজো কমিটির সম্পাদক অভিষেক সরকার বলেন, পুজোর অনুমতির পেতে প্রয়োজনীয় নথির ব্যবস্থা করা হয়েছে। শীঘ্রই সহজ পোর্টালে আবেদন করা হবে। 
দুয়ের পল্লির পুজো উদ্যোক্তা সুবীর দে বলছেন, পোর্টালে আবেদনের আগে অন্যান্য দপ্তরের অনুমতি সংগ্রহ হয়েছে। দ্রুত পোর্টালে আবেদন করব। উল্লেখ্য, এবার দুর্গাপুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরামবাগ মহকুমায় ২০০-র বেশি দুর্গা পুজো হয়ে আসছে। নতুন পুজো কমিটিগুলিও এবার অনুমতি পেতে আবেদন করছে পোর্টালে।

Advertisement
সম্পর্কিত সংবাদ