Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগর বিধানসভার জন্য নামখানা থেকে প্রার্থী?

বিগত বিধানসভা নির্বাচনগুলিতে সাগর কেন্দ্রে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের সিংহভাগই সাগরদ্বীপের বাসিন্দা। দলমত নির্বিশেষে এটাই প্রবণতা।

সাগর বিধানসভার জন্য নামখানা থেকে প্রার্থী?
  • ১৬ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিগত বিধানসভা নির্বাচনগুলিতে সাগর কেন্দ্রে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের সিংহভাগই সাগরদ্বীপের বাসিন্দা। দলমত নির্বিশেষে এটাই প্রবণতা। এই বিধানসভার আওতায় নামখানা ব্লকের এলাকাও রয়েছে। কিন্তু সাম্প্রতিক অতীতে নদীর এপার থেকে কখনো কেউ প্রার্থী হননি। এবার কি বদলাবে চিত্র? আসন্ন বিধানসভা নির্বাচনে নামখানা থেকেই বিজেপির প্রার্থী হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে। কারণ, নামখানা ব্লকের পাঁচটি পঞ্চায়েতের মধ্যে ফ্রেজারগঞ্জ বিজেপির দখলে। আরও দু’টি পঞ্চায়েতে তাদের একাধিক সদস্য আছেন। সব ক’টি পঞ্চায়েতেই তাদের সঙ্গে তৃণমূলের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর। তাছাড়া, নামখানার মানুষের মধ্যেও চাহিদা আছে, তাঁদের এলাকার কেউ যেন প্রার্থী হন। মানুষের এই ইচ্ছাকেই কাজে লাগাতে মরিয়া বিজেপির একাংশ। পরিস্থিতির কথা স্থানীয় বিজেপি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছে। সূত্রের খবর, দলের মথুরাপুর সাংগঠনিক জেলার অধীন এই বিধানসভাকে নিয়ে এবার আশা দেখছে গেরুয়া শিবির। তাই প্রার্থী চয়ন এমনভাবে তারা করতে চাইছে, যাতে সাধারণ মানুষের আবেগ প্রতিফলিত হয়। সেক্ষেত্রে সাগরদ্বীপের থেকে নামখানা অঞ্চলকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছে বলে খবর। দলের নীচুতলার কর্মীরাও সেটাই চাইছেন। এমনিতেই এই বিধানসভায় দাঁড়ানোর জন্য বিজেপির তরফে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল দলের সদর দপ্তরে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার কথায়, ‘বিগত কয়েক দশক ধরে এই বিধানসভায় প্রার্থী বাছাইয়ে অগ্রাধিকার পেয়েছেন সাগরদ্বীপের বাসিন্দারাই। নামখানার মানুষজন কখনোই তাদের এলাকার কাউকে বিধায়ক হিসাবে পায়নি। এটা নিয়ে তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে। এসব বিবেচনা করেই রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে নামখানা থেকে প্রার্থী বাছাইয়ের আবেদন করা হয়েছে। তাতে যদি সিলমোহর পড়ে, তাহলে ভোটে অন্যরকম সমীকরণ তৈরি হতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ