Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটে গেরুয়া ঝড়: সভাপতি সহ ৩ পদে জয়ী এবিভিপি, একটিতে কংগ্রেসের

দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়। কার্যত সাফ কংগ্রেস। প্রভাব ফেলতে ব্যর্থ বামেরাও। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চারটির মধ্যে তিনটি পদেই জয়লাভ করেছে গেরুয়া শিবিরের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটে গেরুয়া ঝড়: সভাপতি সহ ৩ পদে জয়ী এবিভিপি, একটিতে কংগ্রেসের
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেরুয়া ঝড়। কার্যত সাফ কংগ্রেস। প্রভাব ফেলতে ব্যর্থ বামেরাও। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চারটির মধ্যে তিনটি পদেই জয়লাভ করেছে গেরুয়া শিবিরের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের ঝুলিতে এসেছে মাত্র একটি আসন। উল্লেখ্য, গতবার কংগ্রেসের ছাত্র শাখা দু’টি আসনে জিতেছিল।

Advertisement

গত বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার ফল প্রকাশের পর দেখা যায়, ছাত্র সংসদের সভাপতি, সম্পাদক এবং যুগ্ম-সম্পাদক তিনটি পদেই জিতেছে বিদ্যার্থী পরিষদ। এনএসইউআই জিতেছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ সভাপতি পদে। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন আরিয়ান মান। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এনএসইউআইয়ের রাহুল ঝাঁসলা। সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবিভিপির কুনাল চৌধুরী ও দীপিকা ঝা। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি পদেই সবথেকে বেশি ভোটের মার্জিনে জিতেছে বিদ্যার্থী পরিষদ। এই পদে কংগ্রেস প্রার্থীকে ১৬ হাজারেরও বেশি ভোটে হারিয়েছে এবিভিপি।
ফলপ্রকাশের পর বিদ্যার্থী পরিষদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সোলাঙ্কি বলেন, ‘নির্বাচনী প্রচারপর্বে ধর্ম-বর্ণের বিভাজনের রাজনীতি করেছিল কংগ্রেস। তরুণ প্রজন্ম তাতে ভরসা রাখেনি। ছাত্রছাত্রীদের উন্নয়নের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ নেবে এবিভিপি।’ এই ফলাফলকে মেনে নিয়েও কংগ্রেসের ছাত্র সংগঠনের দাবি, গেরুয়া শিবিরের মিথ্যাচারের বিরুদ্ধে আগামী দিনে সরব হবে তারা। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে এসএফআই এবং আইসা জোট করে লড়েছিল। যদিও ছাত্র সংসদের চারটি পদের কোনওটিতেই বাম জোটের প্রাপ্ত ভোট ১০ হাজারও পেরয়নি। এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের ব্যাখ্যা, ‘সাধারণ সম্পাদক নির্বাচনে আমরা যত ভোট পেয়েছি, তা এর আগে কখনও পাইনি। এটি ইতিবাচক দিক। তাছাড়া জাকির হুসেন কলেজের ছাত্র সংসদ জিতে ১১ বছর পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কোনও মহাবিদ্যালয়ে প্রভাব বিস্তার করতে পারলাম আমরা। আগামীতে সংগঠন আরও শক্তিশালী হবে।’  উচ্ছ্বাস এবিভিপির।-পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ