নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ার খাদিনা মোড়ে সিটু অফিস দখল করল বিজেপি। মঙ্গলবার বিজেপি কর্মীদের একাংশ ওই অফিস দখল করে। অফিসের গায়ে বিজেপি লিখে দেওয়ার পাশাপাশি নির্বাচনি সাফল্যের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে বড়ো হোর্ডিং দেওয়া হয়। প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর ওই অফিসটি সিটুর কাছ থেকে নিজেদের দখলে নিয়েছিল তৃণমূল। এবারের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর এ বিষয়ে প্রশ্ন তোলেন চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ। তারপরেই চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক বর্তমানে তৃণমূলের জেলা সভাপতি অসিত মজুমদার অফিসটি সিটুকে ফিরিয়ে দেন। এদিন সেই অফিস ফের দখল করল বিজেপি। এদিন বিজেপি নেতৃত্ব জানিয়েছে, অফিসটি নিয়ে দলীয় কর্মীদের আবেগ ছিল। পাশাপাশি সিটুর নেতারা অফিসটি ব্যবহার করছিলেন না। তাই দখল করা হয়েছে। বিজেপির বিধায়ক সুবীর নাগ বলেন, বিষয়টি আমি জানি না। তবে অফিস দখল করে অন্যায় করা হয়েছে। আমি দ্রুত পদক্ষেপ করব।



