Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১২ কোটিতে ১৩ কিমি রাস্তার শিলান্যাস! বিজেপির জনপ্রতিনিধিদের তোপ সাবিনার, কাজ না করার অভিযোগ

১২ কোটিতে ১৩ কিমি রাস্তার শিলান্যাস! বিজেপির জনপ্রতিনিধিদের তোপ সাবিনার, কাজ না করার অভিযোগ
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহে তৃণমূলের সাংসদ, বিধায়ক নেই। তবুও সেখানে উন্নয়ন থেমে নেই। বৃহস্পতিবার ওই ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের গোঁসাইমোড় এলাকায় প্রায় ১৩ কিলোমিটার রাস্তার শিলান্যাস করে বিজেপিকে এভাবেই তোপ দাগলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের স্থানীয় সদস্য নাইকি হাঁসদা, পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি সহ অন্যরা। এদিন প্রতিমন্ত্রী মঞ্চ থেকে দাবি করেন, হবিবপুর, পুরাতন মালদহ, গাজোল, বামনগোলা ব্লকে তাঁর দপ্তর থেকে বিপুল অর্থের কাজ হয়েছে। এলাকার মানুষ ভোট দিলেও বিজেপির জনপ্রতিনিধিরা কিছুই করেননি। প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১২ নম্বর জাতীয় সড়কের আট মাইল থেকে বলরামপুরে দীর্ঘ ১৩ কিলোমিটার রাস্তার দাবি রয়েছে। এনিয়ে মানুষের ভোগান্তির অন্ত থাকে না। প্রায় ১২ কোটি ব্যয়ে রুরাল ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন ফান্ড থেকে রাস্তার অনুমোদন হয়েছে। কাজের বাস্তবায়ন করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বলেন, এদিন ১৩ কিমি রাস্তার সূচনা হয়েছে। এর ফলে গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। রাস্তা হলে এলাকার আর্থিক অবস্থা বদলে যাবে। বিজেপিকে তোপ দেগে সাবিনার মন্তব্য, বিরোধীরা কী কাজ করছে জানি না, তবে আমাদের উন্নয়ন কাজ থেমে নেই। কিছু তো করুক কেন্দ্রীয় সরকার। মালদহের বিধায়ক গোপাল সাহা বলেন, প্রতিমন্ত্রী রাস্তার শিলান্যাস করেছেন ভালো কথা। স্থানীয় বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান কি জানতেন সেকথা? ওই রাস্তা অনেক দিনের দাবি। বিধানসভায় মেনশন করেছিলাম। একাধিকবার জেলাশাসককে চিঠি করেছি। এটা তো কেন্দ্রের টাকা। সরকারি অনুষ্ঠানে জেলাশাসক এবং স্থানীয় বিডিও কোথায়?

Advertisement
সম্পর্কিত সংবাদ