দুবাই: অস্ট্রেলিয়ার কাছে গোলাপি টেস্টে ১০ উইকেটে পরাজয়। রানের খরা অব্যাহত রোহিত শর্মার। ধারাবাহিকতার অভাব বিরাট কোহলিরও। তারই প্রভাব পড়ল টেস্ট র্যাঙ্কিংয়ে। বুধবার নতুন তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে ব্যাটসম্যানদের বিভাগে ছয় ধাপ পিছিয়ে ভিকে এখন ২০ নম্বরে। পাঁচ ধাপ পিছিয়ে গেলেন হিটম্যানও। তাঁর অবস্থান ৩১ নম্বরে। অন্যদিকে, জো রুটকে সরিয়ে শীর্ষে উঠে এলেন ইল্যান্ডেরই হ্যারি ব্রুক। গত সপ্তাহে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন ব্রুকস। তারই পুরস্কার পেলেন ইংলিশ ব্যাটসম্যান। বিরাট, রোহিতরা হতাশ করলেও বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরাহ। পাশাপাশি অলরাউন্ডারদের সিংহাসন অটুট রবীন্দ্র জাদেজার।



