নয়াদিল্লি: মধ্য জানুয়ারিতে বাল্টিক সাগরের একটি বন্দর থেকে শুরু হয়েছিল যাত্রা। রাশিয়ার তেল সহ ‘অ্যাকোয়া টাইটান’ নামে জাহাজটি রওনা দিয়েছিল চীনের উদ্দেশে। দক্ষিণ চীন সাগরে পৌঁছানোর পর আচমকাই অন্য দিকে বাঁক নিল সেই ট্যাঙ্কার। রুট বদলে এখন এই জাহাজের নতুন গন্তব্য ভারত। কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ এই ইউ-টার্নের কারণ কী? জানা গিয়েছে, যুদ্ধের জেরে হরমুজ প্রণালী অশান্ত হয়ে ওঠায় ফের রাশিয়া থেকে তেল আমদানি দ্বিগুণ করেছে ভারত। সেজন্যই চীনমুখী রুশ ট্যাঙ্কারের রুট পরিবর্তন।
শিপ ট্র্যাকিং ডেটা বলছে, ‘অ্যাকোয়া টাইটান’ নামে ওই জাহাজ আগামী ২১ মার্চ নিউ ম্যাঙ্গালোর পৌঁছাবে। প্রাথমিকভাবে সিগন্যাল অনুযায়ী জাহাজটি চীনের রিঝাও বন্দরের দিকে পাড়ি দিয়েছিল। পরে ইরান যুদ্ধের আবহে আমেরিকা ঘোষণা করে, বিকল্প ব্যবস্থা হিসেবে আপাতত ভারতকে রুশ তেল কেনায় সাময়িক ছাড় দেওয়া হচ্ছে। রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত আসার পরপরই দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রপথে চলে আসা ‘অ্যাকোয়া টাইটান’ ইউ-টার্ন নিয়ে ভারতের দিতে এগতে শুরু করে।
আমেরিকার রক্তচক্ষু সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে চীন। তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানির বিকল্প ব্যবস্থা হিসাবে ভারতীয় শোধনাগারগুলিও এবার ৩ কোটি ব্যারেল রুশ তেল কিনতে চলেছে বলে খবর। শুধু ভারত নয়, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিও ফের রাশিয়ার তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে রাশিয়ার তেলের দাম বাড়তে চলেছে বলেই আশঙ্কা।
ভর্টেক্সা লিমিটেডের তথ্য বলছে, রাশিয়ার তেল সহ এই মুহূর্তে অন্তত সাতটি ট্যাঙ্কার চীনের পরিবর্তে মাঝসমুদ্রে ভারতমুখী হওয়ার সিগন্যাল দিচ্ছে। এর মধ্যে সুয়েজম্যাক্স জউজউ এন আগামী ২৫ মার্চ গুজরাতের সিক্কা বন্দরে পৌঁছাতে পারে বলে অনুমান। কেপলারের তরফে জানানো হয়েছে, এই ট্যাঙ্কারে কাজাখ সিপিসি ব্লেন্ড ক্রুড রয়েছে। প্রাথমিক সিগন্যাল অনুযায়ী, কৃষ্ণ সাগরের রাশিয়াক নভোরোসিয়স্ক বন্দর থেকে চীনের রিঝাওয়ের উদ্দেশে পাড়ি দিয়েছিল। সেটিরও এখন নতুন গন্তব্য ভারত।