মস্কো: সোমবার বিশকেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কয়েক দিনের মধ্যেই নয়াদিল্লিতে ফের মোদি-পুতিন বৈঠক হওয়ার কথা। এই আবহে ভারতের জন্য নতুন প্রতিরক্ষা প্রস্তাব আনতে চলেছে মস্কো। প্রস্তাবের কেন্দ্রে রয়েছে অত্যাধুনিক এস-৫০০ প্রমিথিয়াস এবং এসইউ-৫৭ ফেলন। এস ৫০০ অত্যাধুনিক মানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে এসইউ-৫৭ পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান।
ভারতের অস্ত্র ভাণ্ডারে রাশিয়ার অবদান নেহাত কম নয়। বিশেষ করে উল্লেখ করতে হয় এস-৪০০ বা সুদর্শন চক্রের এর কথা। ভারতের অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তান যেভাবে ড্রোন হামলা চালিয়েছিল, তা সফলভাবে প্রতিহত করতে এর ভূমিকা অনস্বীকার্য। মস্কো এস-৫০০-কে এর পরবর্তী ধাপ হিসাবে উল্লেখ করেছে। পাশাপাশি ভারতকে আরও পাঁচটি এস-৪০০ স্কোয়াড্রন সরবরাহের প্রস্তাব দিয়েছে মস্কো। যদিও ভারত নিজস্ব দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্রজেক্ট কুশা’ এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ফলে এস-৫০০ কেনার ক্ষেত্রে দেশীয় প্রকল্পের সঙ্গে সম্ভাব্য প্রযুক্তিগত ও কৌশলগত ওভারল্যাপ হচ্ছে কি না, তা বিবেচনায় রাখা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারতের ভাবনায় থাকতেই পারে এসইউ-৫৭। প্রথমত এটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। অন্যদিকে, দেশীয় এএমসিএ তৈরি হতে সময় লাগার কারণে এসইউ-৫৭কে অন্তর্বর্তী সমাধান হিসাবে প্রস্তাব করছে রাশিয়া। প্রযুক্তি হস্তান্তর, ভারতে উৎপাদন ও স্থানীয়করণের সম্ভাবনাও রয়েছে।